রাজনীতি
জুলাইয়ের আকাঙ্ক্ষাকে অবজ্ঞা করেছে সরকারি দল: ডা. শফিকুর রহমান
ডা. শফিকুর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির, বলেছেন, ২০২৬ সালের নির্বাচনে দলের প্রত্যাশা পূরণ হয়নি।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) এক বক্তব্যে তিনি জানান, সরকারের মন্ত্রীদের শপথ অনুষ্ঠানে যাওয়ার পরিকল্পনা থাকলেও অংশ নিতে পারিনি। কারণ, “আমরা আমাদের জুলাই শহীদদের অশ্রদ্ধা করতে পারি না।”
শপথের প্রেক্ষাপট তুলে ধরে ডা. শফিকুর রহমান বলেন, 'আমাদেরকে যে চিঠি দেওয়া হয়েছিল সেখানে দুটি শপথের কথা বলা হয়েছিল। সংসদ সদস্যের পরে সংবিধান সংস্কার পরিষদের গণভোটের শপথ।'
তিনি আরও বলেন, 'আমরা রুমে প্রবেশ করার পর সচিব জানালেন সরকারি দল শুধু সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন। আমরা দুটো নিলাম।'
২০২৬ সালের নির্বাচনের পটভূমি ব্যাখ্যা করতে গিয়ে জামায়াত আমির বলেন, “এই নির্বাচন স্বাভাবিকভাবে হওয়ার কথা ছিল না; ২৪ সালের গণঅভ্যুত্থানের পর এটি পরিচালিত হয়েছে। আমরা গণভোটের রায় ও জুলাইয়ের আকাঙ্ক্ষাকে সম্মান করেছি, কিন্তু সরকারি দল তা উপেক্ষা করেছে।”
সরকারি দলের অবস্থানের সমালোচনা করে তিনি বলেন, “‘সংবিধান সংস্কার পরিষদ’-এর শপথ না নেওয়া এবং জুলাইকে অবজ্ঞা করা স্পষ্টভাবে জনআকাঙ্ক্ষার বিপরীত। শপথের মাধ্যমে যদি সংবিধান সংস্কারকে মান্য করা হতো এবং জুলাইকে সম্মান করা হতো, তা হলে পার্লামেন্ট গৌরবের আসনে বসতে পারত।”
ডা. শফিকুর রহমান আরও বলেন, “আমাদের প্রস্তুতি ছিল মন্ত্রীদের শপথে অংশ নেওয়ার। কিন্তু মানসিকভাবে আমরা ধাক্কা খেয়েছি। শত ইচ্ছা থাকলেও জুলাই শহীদদের অশ্রদ্ধা করতে পারি না—এই কারণে অংশ নেওয়া সম্ভব হয়নি। এজন্য আমরা আফসোস করছি।”