রাজনীতি

আন্দোলনের ডাক আসবে, ঘরে ঘরে দুর্গ গড়ে তুলতে হবে: জামায়াত আমির


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৫ জুলাই ২০২৬, ০৭:১৪ পিএম

আন্দোলনের ডাক আসবে, ঘরে ঘরে দুর্গ গড়ে তুলতে হবে: জামায়াত আমির
ছবি: সংগৃহীত

আন্দোলন জোরদার করতে দেশজুড়ে ঘরে ঘরে ‘দুর্গ’ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, সময় এলে আন্দোলনের ডাক আসবে এবং সেই ডাককে সফল করতে সবাইকে প্রস্তুত থাকতে হবে।

শনিবার (২৫ জুলাই) সিলেট আলিয়া মাদরাসা মাঠে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সমাবেশে সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে ডা. শফিকুর রহমান বলেন, শান্তিপূর্ণভাবে জনগণের দাবি মেনে নেওয়ার সুযোগ এখনো আছে। অন্যথায় দেশের মানুষ সংগ্রামের পথ বেছে নিতে প্রস্তুত। তারা ইতোমধ্যে শিখে গেছে কিভাবে জীবন বাজি রেখে নিজেদের অধিকার আদায় করতে হয়।

তিনি অভিযোগ করেন, বর্তমান ক্ষমতাসীনরা একসময় নির্যাতিত হলেও এখন তারা আগের শাসকদের পথেই হাঁটছে। জনগণের আশা-আকাঙ্ক্ষা থেকে তারা সরে গেছে বলেও মন্তব্য করেন তিনি।

জামায়াত আমির বলেন, শহীদ ও আন্দোলনের যোদ্ধাদের সঙ্গে কোনো বিশ্বাসঘাতকতা করা হবে না। দেশের কোটি মানুষের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করাই আন্দোলনের মূল লক্ষ্য। গণভোটের রায় বাস্তবায়নের মাধ্যমেই আন্দোলন সফলতার দিকে এগোবে বলেও তিনি উল্লেখ করেন।

সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করে তিনি বলেন, প্রশাসন থেকে সমাজের নানা ক্ষেত্রে দলীয়করণ ও দুর্নীতি বেড়েছে। জনগণ এসব মেনে নেবে না। তিনি আরও বলেন, অতীতে যেমন স্বৈরাচারী শাসনকে জনগণ প্রত্যাখ্যান করেছে, ভবিষ্যতেও তা করবে।

আন্দোলনের প্রস্তুতি নিয়ে তিনি বলেন, দুর্নীতি, চাঁদাবাজি ও স্বৈরশাসন দূর না হওয়া পর্যন্ত সংগ্রাম চলবে এবং তা আরও তীব্র হবে।

সিলেট অঞ্চলের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, দীর্ঘদিন ধরে এ অঞ্চলের ন্যায্য দাবিগুলো উপেক্ষিত রয়েছে। প্রবাসী অধ্যুষিত এলাকা হওয়া সত্ত্বেও এখানকার বিমানবন্দর এখনো পূর্ণাঙ্গ হয়নি। সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন দ্রুত সম্পন্ন করারও দাবি জানান তিনি।

সমাবেশে লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বক্তব্য দেন। এতে জাতীয় নাগরিক পার্টি, খেলাফত মজলিসসহ ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।