রাজনীতি
চট্টগ্রামে হেফাজতে ইসলামের শীর্ষ নেতাদের সঙ্গে বিএনপির সৌজন্য সাক্ষাৎ
চট্টগ্রামের হাটহাজারী ও ফটিকছড়িতে হেফাজতে ইসলামের শীর্ষ নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও সালাহউদ্দিন আহমদ।
শুক্রবার (১ আগস্ট) দুপুরে এই সফরে তারা হাটহাজারী দারুল উলুম মুঈনুল ইসলাম মাদ্রাসা ও ফটিকছড়ির আল জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম মাদ্রাসা পরিদর্শন করেন।
এই দুটি মাদ্রাসা বহুদিন ধরেই হেফাজতে ইসলামের গুরুত্বপূর্ণ কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু হিসেবে পরিচিত। সফরকালে বিএনপি নেতারা হেফাজতের প্রয়াত আমির আল্লামা শাহ আহমদ শফী এবং সাবেক মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরীর কবর জিয়ারত করেন।
বিএনপি নেতারা জানান, এই সফর ছিল দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে একটি সৌজন্য ও শ্রদ্ধা প্রদর্শনের অংশ।
সাক্ষাৎকালে আরও উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল, ফটিকছড়ি উপজেলা বিএনপির আহ্বায়ক কর্নেল (অব.) আজিম উল্লাহ বাহার এবং স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, হেফাজতের সঙ্গে বিএনপির এ ধরনের যোগাযোগ ভবিষ্যতের রাজনৈতিক সমীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। যদিও সফরটিকে আনুষ্ঠানিকভাবে সৌজন্য সাক্ষাৎ বলা হলেও, এর রাজনৈতিক তাৎপর্য নিয়ে আলোচনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।