রাজনীতি

৭ নভেম্বরের বিপ্লবের মহানায়ক জিয়াউর রহমান: মির্জা ফখরুল


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৫, ১১:৫৬ এএম

৭ নভেম্বরের বিপ্লবের মহানায়ক জিয়াউর রহমান: মির্জা ফখরুল
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সংগৃহীত

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুক্রবার জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এক বাণীতে বলেছেন, স্বাধীনতার ঘোষক ও নিষ্কলুষ সাহসী সৈনিক হিসেবে জিয়াউর রহমানের প্রতি সেনাবাহিনী ও জনগণের ব্যাপক সমর্থন ছিল। এই সমর্থনের ফলেই ৭ নভেম্বরের বিপ্লবের মাধ্যমে তিনি জাতীয় জীবনে মহানায়কের মর্যাদা লাভ করেন।

মির্জা ফখরুল বলেন, “সেনাবাহিনী ও সর্বস্তরের জনগণের সমর্থনে ৭ নভেম্বর জিয়াউর রহমান ক্ষমতার কেন্দ্রবিন্দুতে আসেন। এই বিপ্লবের মূল চরিত্র ছিল জনগণ ও সেনাবাহিনীর স্বতঃস্ফূর্ত সমর্থন। সিপাহী-জনতার ঐতিহাসিক অভ্যুত্থানের ফলে রাজনৈতিক শূন্যতা দূর হয় এবং জনগণ নতুন প্রত্যয়ে জেগে ওঠে।”

তিনি আরও উল্লেখ করেন, ৭ নভেম্বরের বিপ্লবের মাধ্যমে দেশ আমাদের বহুদলীয় গণতন্ত্র এবং অর্থনৈতিক মুক্তির পথ পেয়েছে। সেই বিপ্লবের মাধ্যমে আইনের শাসন, বাক, ব্যক্তি ও সংবাদপত্রের স্বাধীনতা, সামাজিক শান্তি ও নিরাপত্তা ফিরে আসে। জিয়াউর রহমানের বন্দিদশা থেকে মুক্তির পেছনে ছিল এই বিপ্লবের উল্লেখযোগ্য অবদান।

বিএনপি মহাসচিব বলেন, “জিয়াউর রহমান জাতীয়তাবাদী রাজনীতির বিকাশ ঘটিয়ে জাতিকে উন্নয়ন, অগ্রগতি ও সমৃদ্ধির মহাসড়কে পরিচালিত করেছিলেন। এ কারণে ৭ নভেম্বরের বিপ্লবের গুরুত্ব জাতীয় জীবনে অপরিসীম।”

তবে মির্জা ফখরুল দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, “আজও দেশে নির্বাচিত গণতান্ত্রিক সরকার গঠন হয়নি। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের বিকল্প নেই। ন্যায়বিচার, জবাবদিহি ও সুশাসনের অঙ্গীকার এখনও বাস্তবায়িত হয়নি। দেশের বিভিন্ন অঞ্চলে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড চলছেই, আর অসহায় মানুষ আইনি প্রতিকার থেকে বঞ্চিত হচ্ছে।”

তিনি দেশের নাগরিকদের উদ্দেশ্যে আহ্বান জানান, ১৯৭৫ সালের ৭ নভেম্বরের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার চেতনা বুকে ধারণ করে দেশবাসীকে একত্রিত হয়ে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা, অর্থনৈতিক মুক্তি, শান্তি-শৃঙ্খলা, সাম্য ও ন্যায় প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করতে হবে। পাশাপাশি দুর্নীতি ও দুঃশাসন চিরতরে দূর করতে ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন।