রাজনীতি

মেগা প্রজেক্ট নয়, আমরা শিক্ষার পেছনে বিনিয়োগ করবো: তারেক রহমান


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৫, ১০:১৮ পিএম

মেগা প্রজেক্ট নয়, আমরা শিক্ষার পেছনে বিনিয়োগ করবো: তারেক রহমান
ছবি: সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমরা দেশ গড়ার জন্য মেগা প্রজেক্টে নয়, শিক্ষার পেছনে অর্থ বিনিয়োগ করবো এবং জনবল তৈরি করবো। দুর্নীতির ঝুঁকি থাকা প্রকল্পে নয়, দেশের মানুষ ও মানবসম্পদ গড়ে তোলার দিকে মনোযোগ দেওয়া হবে।

বুধবার (১০ ডিসেম্বর) বিকেলে রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত ‘বাংলাদেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব মন্তব্য করেন।

তারেক রহমান বলেন, “স্বৈরাচারের পুরো সময়কালে শুধু রাজনৈতিক নেতাকর্মী নয়, সাধারণ মানুষের মানবাধিকারও হরণ করা হয়েছিল। লক্ষ লক্ষ মানুষ নির্যাতন, হত্যা ও গুমের শিকার হয়েছেন। বিএনপি দেশের মানুষের জন্য মানবাধিকার পুনঃস্থাপনের লক্ষ্য নিয়ে কাজ করবে এবং রাজনৈতিক আদর্শ উপস্থাপনের নিরাপত্তা নিশ্চিত করবে।”

তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় গেলে ‘ফ্যামিলি কার্ড’ প্রকল্পের মাধ্যমে পর্যায়ক্রমে সারাদেশের নারী সমাজকে সাবলম্বী করা হবে এবং অর্থনীতির শক্ত ভিত্তি গড়ে তোলা হবে। এছাড়া ক্ষমতায় আসলে এক লাখ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে, যার মধ্যে ৮০-৮৫ শতাংশ নারী হবে।

তিনি উল্লেখ করেন, “শিক্ষার জন্য বিএনপি সরকারের পূর্ববর্তী উদ্যোগের সুফল বর্তমানে বাংলাদেশ উপভোগ করছে। ভবিষ্যতেও আমরা শিক্ষার উন্নয়ন ও মানবসম্পদ গড়ে তোলার কাজে অগ্রাধিকার দেব।”