রাজনীতি

এবার ভোটার হলেন তারেক রহমান


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৫, ০৪:৩৫ পিএম

এবার ভোটার হলেন তারেক রহমান
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি: সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ভোটার তালিকায় অন্তর্ভুক্তির অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার (২৮ ডিসেম্বর) ইসির এ অনুমোদনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে ভোটার হলেন তিনি।

দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরে ঢাকা-১৭ আসনের ১৯ নম্বর ওয়ার্ডের (গুলশান এলাকা) ভোটার হতে অনলাইনে আবেদন করেন তারেক রহমান। এরপর গত শনিবার (২৭ ডিসেম্বর) দুপুর ১টার দিকে তিনি সশরীরে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে উপস্থিত হয়ে ছবি তোলা, আঙুলের ছাপ, চোখের মণির (আইরিশ) প্রতিচ্ছবি গ্রহণসহ প্রয়োজনীয় সব বায়োমেট্রিক তথ্য প্রদান করেন। এর মাধ্যমে ভোটার হওয়ার আনুষঙ্গিক সব প্রক্রিয়া সম্পন্ন হয়।

ওই দিন তারেক রহমানের সঙ্গে তার কন্যা ব্যারিস্টার জাইমা রহমানও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পাওয়ার জন্য আবেদন করেন। রোববার নির্বাচন কমিশন তারেক রহমানের পাশাপাশি জাইমা রহমানকেও ভোটার তালিকায় অন্তর্ভুক্তির অনুমোদন দেয়।

যদিও তারেক রহমানের জন্মস্থান বগুড়া, তবে ভোটার হওয়া নিয়ে কিছুদিন ধরেই রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা চলছিল। শেষ পর্যন্ত তিনি তার মা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গুলশানের বাসভবন ‘ফিরোজা’র ঠিকানা ব্যবহার করে ভোটার হওয়ার আবেদন করেন।

২০০৮ সাল থেকে দীর্ঘ সময় প্রবাসে অবস্থানের কারণে তারেক রহমানের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত ছিল না। আসন্ন ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে হলে ভোটার হওয়া বাধ্যতামূলক হওয়ায় বিষয়টি বিশেষ গুরুত্ব পায়। যদিও পৈতৃক আসন বগুড়া-৬ থেকে নির্বাচনের প্রস্তুতি ছিল, কৌশলগত কারণে তিনি ঢাকার অভিজাত ঢাকা-১৭ আসনের ভোটার হওয়ার সিদ্ধান্ত নেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

এদিকে দেশে ফেরার তৃতীয় দিনের মাথায় রাজধানীর গুলশানে বিএনপির দলীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে অফিস কার্যক্রম শুরু করেছেন তারেক রহমান। রোববার দুপুরে প্রথমবারের মতো তিনি গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে নিজের জন্য নির্ধারিত নতুন চেম্বারে বসেন।

এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, আমির খসরু মাহমুদ চৌধুরী, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান ও সেলিমা রহমান ফুল দিয়ে তাকে অভ্যর্থনা জানান। শুভেচ্ছা বিনিময় শেষে গুলশান কার্যালয়ের দ্বিতীয় তলায় প্রস্তুত করা বিশেষ চেম্বারে গিয়ে দাপ্তরিক কার্যক্রম শুরু করেন তারেক রহমান।

এছাড়া তিনি দলের স্থায়ী কমিটির নেতৃবৃন্দের সঙ্গে একটি অনানুষ্ঠানিক বৈঠকও করেন। বৈঠকে আসন্ন জাতীয় নির্বাচনসহ সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও দলের কৌশলগত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় বলে দলীয় সূত্র জানিয়েছে।