রাজনীতি
মাওলানা ভাসানীর কবর জিয়ারতের মধ্যদিয়ে কর্মসূচি শুরু করবেন তারেক রহমান
দীর্ঘ ১৭ বছরেরও বেশি সময় লন্ডনে নির্বাসিত জীবন শেষে দেশে ফিরে প্রথমবারের মতো রাজধানী ঢাকার বাইরে কর্মসূচিতে অংশ নিতে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। চারদিনের উত্তরাঞ্চল সফরের সূচনা হবে উপমহাদেশের মজলুম নেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মাজার জিয়ারতের মধ্যদিয়ে।
দলীয় সূত্র জানায়, আগামী ১১ জানুয়ারি সকাল ৯টায় তারেক রহমান গুলশান এভিনিউয়ের ১৯৬ নম্বর বাড়ি থেকে টাঙ্গাইলের উদ্দেশে রওনা হবেন। দুপুর ১টায় তিনি সন্তোষে মাওলানা ভাসানীর মাজার জিয়ারত করবেন। এরপর বেলা ৩টায় যমুনার পশ্চিম পাড়ে সিরাজগঞ্জে যাত্রাবিরতি নিয়ে রাতে বগুড়া পৌঁছাবেন। সেখানে শহরের আলতাফুন্নেসা বিদ্যালয় মাঠে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিলে অংশ নিয়ে রাত যাপন করবেন।
১২ জানুয়ারি সকালে বগুড়া থেকে রওনা হয়ে বেলা ২টায় রংপুরের পীরগঞ্জে জুলাই আন্দোলনের শহীদ আবু সাইদের কবর জিয়ারত করবেন তারেক রহমান। সেখান থেকে তিনি দিনাজপুরে গিয়ে নানী মরহুমা তৈয়বা মজুমদারের কবর জিয়ারত করবেন। একই সঙ্গে আত্মীয়স্বজনের খোঁজখবর নেওয়া এবং দিনাজপুরে জুলাই আন্দোলনের শহীদদের কবর জিয়ারতের কর্মসূচি রয়েছে। রাত ১১টায় দিনাজপুর থেকে রওনা হয়ে রাত ১টায় ঠাকুরগাঁও পৌঁছে সেখানে রাত যাপন করবেন।
১৩ জানুয়ারি সকাল ১০টায় ঠাকুরগাঁও থেকে রওনা হয়ে দুপুর দেড়টায় পঞ্চগড়ে পৌঁছে জুলাই আন্দোলনের শহীদদের কবর জিয়ারত করবেন। এরপর বিকাল ৪টায় নীলফামারীতে এবং সন্ধ্যা ৭টায় লালমনিরহাটে শহীদদের কবর জিয়ারত করবেন। সেখান থেকে রাতে রংপুরে ফিরে রাত যাপন করবেন।
১৪ জানুয়ারি সকাল ১০টায় রংপুর থেকে রওনা হয়ে বগুড়ার গাবতলীতে নিজ নির্বাচনী এলাকায় সফর করবেন তারেক রহমান। ফেরার পথে তিনি মহাস্থানগড় পরিদর্শন করে ঢাকার উদ্দেশে রওনা হবেন। রাত ২টায় ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।
এদিকে তারেক রহমানের চারদিনের এই উত্তরাঞ্চল সফর উপলক্ষে তাঁর একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার ঢাকা, গাজীপুর, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, বগুড়া, গাইবান্ধা, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী ও কুড়িগ্রাম জেলার জেলা প্রশাসক এবং জেলা রিটার্নিং কর্মকর্তাদের কাছে চিঠি পাঠিয়েছেন। চিঠিতে সফরটি সম্পূর্ণ ধর্মীয় ও সামাজিক কর্মসূচি উল্লেখ করে নির্বাচন কমিশনের জারি করা আচরণবিধি কোনোভাবেই লঙ্ঘন করা হবে না বলে আশ্বাস দেওয়া হয়েছে।
উল্লেখ্য, ওয়ান-ইলেভেন বা ১/১১–পরবর্তী সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় গুরুতর অসুস্থ অবস্থায় তৎকালীন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান চিকিৎসার জন্য লন্ডনে যান। দীর্ঘ ১৭ বছর ৩ মাস পর গত ২৫ ডিসেম্বর তিনি দেশে ফেরেন। এরপর ৩০ ডিসেম্বর তাঁর মা সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ইন্তেকালের পর বিভিন্ন পারিবারিক ও সামাজিক কর্মসূচিতে অংশ নেন। গুলশানে বিএনপির রাজনৈতিক কার্যালয়ে নিয়মিত উপস্থিত থাকলেও এটিই তার ঢাকার বাইরে প্রথম কর্মসূচি।
এ সফরের নিরাপত্তা সমন্বয়ের দায়িত্বে থাকবেন সাবেক সেনাকর্মকর্তা ক্যাপ্টেন মো. গানিউল আজম, যিনি সম্প্রতি নিরাপত্তা টিমের সমন্বয়কারী হিসেবে নিয়োগ পেয়েছেন।