রাজনীতি

‘ঢাকার এলিট গোষ্ঠী জনগণের ওপর গণভোট চাপিয়ে দিয়েছে’


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৬, ১২:০০ পিএম

‘ঢাকার এলিট গোষ্ঠী জনগণের ওপর গণভোট চাপিয়ে দিয়েছে’
ছবি: সংগৃহীত

ঢাকার একটি এলিট গোষ্ঠী জনগণের ওপর গণভোট চাপিয়ে দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম। বুধবার (গতকাল) বিকেলে ভোলার লালমোহন উপজেলার মদন মোহন জিউ মন্দির প্রাঙ্গণে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এই মন্তব্য করেন।

ভোলা-৩ (লালমোহন–তজুমদ্দিন) আসনের বিএনপি প্রার্থী মেজর হাফিজ বলেন, গণভোটের মাধ্যমে সংবিধান সংশোধনের বিষয়টি একমাত্র জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিদের এখতিয়ার। অথচ ঢাকার একটি এলিট গোষ্ঠী জনগণের ওপর এই গণভোট চাপিয়ে দিয়েছে। তিনি বলেন, “আমাদের দেশ এখনো এ ধরনের ব্যবস্থার জন্য প্রস্তুত নয়। শুরুতে বিএনপি এই প্রক্রিয়ায় রাজি হয়নি। কিন্তু বিএনপি রাজি না হলে নির্বাচনই হবে না—এমন পরিস্থিতি তৈরি করা হয়। ফলে বাধ্য হয়েই বিএনপি জুলাই সনদে সই করেছে এবং অবস্থার পরিপ্রেক্ষিতে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে অবস্থান নিয়েছে। পরবর্তীতে নির্বাচিত প্রতিনিধিরা সংসদে গিয়ে সংবিধানকে একটি পূর্ণাঙ্গ রূপ দেবেন।”

তিনি আরও বলেন, কিছু দেশে সংবিধানের নির্দিষ্ট ধারা পরিবর্তনের ক্ষেত্রে গণভোটের নজির থাকলেও সেটি নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমেই হয়। কিন্তু “বিদেশ থেকে এসে রাজনীতির সঙ্গে কোনো সম্পৃক্ততা নেই, জনগণের জন্য কোনো ত্যাগ নেই-এমন ব্যক্তিরা হঠাৎ করে ক্ষমতার চেয়ারে বসে একটি গণভোট চালু করে দিয়েছে।” মেজর হাফিজ দাবি করেন, এই গণভোটের আইনগত ভিত্তি নেই, তবে নৈতিক ভিত্তি আছে। জুলাই অভ্যুত্থানকে সমর্থনের কারণেই বিএনপি জনগণকে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানাবে বলে তিনি উল্লেখ করেন।

একটি ধর্মাশ্রয়ী রাজনৈতিক দলে ৩০০ সংসদীয় আসনের মধ্যে একজন নারী প্রার্থীও নেই-এ বিষয়টি তুলে ধরে তিনি বলেন, এ ধরনের রাজনীতি শুরু থেকেই সমাজে বিভাজন সৃষ্টি করেছে। পাশাপাশি রাষ্ট্র পরিচালনায় তাদের কোনো বাস্তব অভিজ্ঞতাও নেই বলেও মন্তব্য করেন তিনি।

বিএনপির এই নেতা বলেন, “জাতীয়তাবাদী দলের প্রতীক ধানের শীষ বাংলাদেশের মানুষের কাছে অত্যন্ত প্রিয়। ইনশাআল্লাহ, আজ থেকেই আমরা গ্রামেগঞ্জে ধানের শীষের পক্ষে ভোট চাইতে শুরু করব। বিএনপির আদর্শ ও ঐতিহ্য জনগণের কাছে পৌঁছে দিতে সভা-সমাবেশে অংশ নেব।”

মদন মোহন জিউ মন্দিরের সভাপতি নীরব কুমার দের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবাল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল, লালমোহন পৌর বিএনপির সভাপতি ছাদেক মিয়া জান্টু, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবুল পাটওয়ারীসহ দলের স্থানীয় নেতৃবৃন্দ।