রাজনীতি
ছাত্রীসংস্থার গুপ্ত কর্মীদের ইন্ধনে ইডেন কলেজে মব সৃষ্টি করা হয়েছে: নাছির
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির অভিযোগ করেছেন, ইডেন মহিলা কলেজ-এ পরিকল্পিতভাবে ‘মব’ সৃষ্টি করে ছাত্রদলের নেত্রীদের হয়রানি করা হচ্ছে। তার দাবি, ছাত্রীসংস্থার ‘গুপ্ত কর্মীদের ইন্ধনে’ এ পরিস্থিতির উদ্ভব হয়েছে।
শনিবার (৯ মে) দিবাগত রাত ১টা ১৫ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে নাছির উদ্দীন এ অভিযোগ করেন।
পোস্টে তিনি বলেন, শিক্ষার্থীদের রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ, মতপ্রকাশ এবং ক্যাম্পাসে সংগঠন পরিচালনা করা মৌলিক অধিকার। কিন্তু একটি পক্ষ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পরিকল্পিতভাবে মব তৈরি করে ছাত্ররাজনীতি বাধাগ্রস্ত করার চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি।
নাছির উদ্দীন দাবি করেন, অতীতেও বিভিন্ন ক্যাম্পাসে একই কৌশলে ছাত্ররাজনীতি বন্ধের চেষ্টা হয়েছে। তার ভাষ্য, একটি ‘গুপ্ত সংগঠন’ তাদের গোপন কর্মীদের ব্যবহার করে ক্যাম্পাসে অস্থিরতা তৈরি করেছে এবং পরে সংশ্লিষ্ট ব্যক্তিরা সংগঠনের নেতৃত্বে এসেছে।
তিনি সরকারি তিতুমীর কলেজ-এর একটি ঘটনার উদাহরণ টেনে বলেন, সেখানে রাতের বেলায় গেট ভেঙে মব সৃষ্টি করা হয়েছিল এবং ছাত্রদলের নেত্রীদের হেনস্তা করা হয়। পরে ওই ঘটনার সঙ্গে জড়িত একজন কলেজ শাখা শিবিরের সেক্রেটারি হিসেবে পরিচিত হন বলেও দাবি করেন তিনি।
বর্তমান পরিস্থিতি প্রসঙ্গে নাছির উদ্দীন বলেন, ইডেন কলেজেও একইভাবে ছাত্রদল ও অন্যান্য রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীদের হেনস্তা করা হচ্ছে এবং ছাত্রীদের হল থেকে বের করে দেওয়া হচ্ছে।
তিনি সতর্ক করে বলেন, অবিলম্বে এসব ঘটনা বন্ধ না হলে ছাত্রদল কঠোর প্রতিরোধ গড়ে তুলবে।
এদিকে কলেজ প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, শিক্ষার্থীদের রাজনৈতিক অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং কোনো ধরনের ‘কূটচাল’ বা ‘ধোঁকাবাজির’ কাছে নতি স্বীকার করা যাবে না।