রাজনীতি

বিএনপি বেকার নয়, কর্মসংস্থান সৃষ্টির সরকার: রুহুল কবির রিজভী


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০১ জুন ২০২৬, ১০:১০ পিএম

বিএনপি বেকার নয়, কর্মসংস্থান সৃষ্টির সরকার: রুহুল কবির রিজভী
রুহুল কবির রিজভী। ছবি: সংগৃহীত

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিএনপি সবসময় কর্মসংস্থান সৃষ্টির রাজনীতি করেছে এবং দেশের মানুষের জীবনমান উন্নয়নে কাজ করেছে। তার দাবি, দলটি কখনও বেকারত্ব বাড়ানোর নীতি অনুসরণ করেনি।

সোমবার রাজধানীতে আয়োজিত এক কর্মসূচিতে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় থেকেই বিদেশে জনশক্তি রপ্তানির মাধ্যমে কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি করা হয়েছিল। একই সঙ্গে তৈরি পোশাক শিল্পে নারীদের ব্যাপক অংশগ্রহণ নিশ্চিত করে অর্থনীতির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা হয়েছে।

তিনি আরও বলেন, তারেক রহমানের নেতৃত্বে ভবিষ্যৎ রাষ্ট্র পরিচালনার পরিকল্পনায় ক্ষুদ্র ব্যবসায়ীদের পুনর্বাসনের বিষয়টি গুরুত্ব পেয়েছে। পাশাপাশি নিম্নআয়ের ও অসচ্ছল পরিবারের সহায়তায় পরিবার সহায়তা কার্ড চালুর পরিকল্পনাও রয়েছে।

দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে বিএনপির এই নেতা বলেন, দেশের রাজনৈতিক অঙ্গনে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র চলছে। তিনি অভিযোগ করেন, একটি রাজনৈতিক দল উসকানিমূলক কর্মকাণ্ডের মাধ্যমে মব সংস্কৃতি প্রতিষ্ঠার চেষ্টা করছে।

মতপ্রকাশের স্বাধীনতার অপব্যবহার করে অপপ্রচার ও কুৎসা রটানো থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে রিজভী বলেন, কিছু রাজনৈতিক দলের অনলাইনভিত্তিক কর্মী ও সমর্থকরা গণতন্ত্রবিরোধী পরিবেশ তৈরির চেষ্টা করছে।

তিনি সতর্ক করে বলেন, অতীতের স্বৈরাচারী রাজনৈতিক চর্চা পুনরায় প্রতিষ্ঠার চেষ্টা করা হলে এবং বিএনপিকে রাজনৈতিকভাবে দুর্বল করার অপচেষ্টা চালানো হলে তা দেশের রাজনীতির জন্য ইতিবাচক ফল বয়ে আনবে না। এ ধরনের কর্মকাণ্ড থেকে সংশ্লিষ্টদের বিরত থাকার আহ্বান জানান তিনি।