রাজনীতি

দেশে এখনও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নেই: মুফতি ফয়জুল করীম


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১০ জুলাই ২০২৫, ০২:২৬ পিএম

দেশে এখনও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নেই: মুফতি ফয়জুল করীম
বাংলাদেশ ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ ফয়জুল করীম। ছবি: সংগৃহীত

বাংলাদেশ ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ ফয়জুল করীম বলেছেন, শুধু নেতা বা দল বদলালেই দেশের শান্তি আসবে না—যতদিন পর্যন্ত নীতি, আদর্শ এবং চরিত্রবান নেতৃত্ব প্রতিষ্ঠিত না হবে, ততদিন এ দেশের রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন হবে না।

বুধবার (৯ জুলাই) সন্ধ্যায় কুষ্টিয়ার কুমারখালী পৌর বাস টার্মিনাল এলাকায় ইসলামী আন্দোলন আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “দুই নম্বর জমিতে এক নম্বর ফসল হয় না, দুই নম্বর ওস্তাদের কাছে এক নম্বর ছাত্র হয় না। দেশের নেতৃত্বেও যদি চরিত্রবান, আদর্শিক ও ন্যায়ের পথিকরা না আসে, তবে নীতিনিষ্ঠ রাষ্ট্রব্যবস্থা গড়ে উঠবে না। বর্তমান পরিস্থিতিতে দেশে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নেই। তাই আমরা মনে করি, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন করে দেখা উচিত—সেখানে যদি সুষ্ঠুতা দেখা যায়, তাহলে জাতীয় নির্বাচন নিয়েও আস্থা ফিরে আসবে।”

প্রশাসনিক সংস্কারের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে ফয়জুল করীম বলেন, “প্রশাসন এখনো ঢেলে সাজানো হয়নি। দুই দিন আগে হোক বা পরে হোক, প্রশাসনিক সংস্কার ছাড়া এই দেশে কোনো সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। আমরা শুরু থেকেই সংস্কার, বিচার ও নির্বাচন—এই তিনটি দাবিকে সামনে রেখে আন্দোলন করে আসছি।”

তিনি আরও বলেন, “যদি পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতিতে নির্বাচন হয়, তাহলে সকল আদর্শ ও মতের মানুষ সংসদে যেতে পারবে। এতে একটি সার্বজনীন সংসদ গড়ে উঠবে, যেখানে সবার মতামত ও দাবি প্রতিফলিত হবে। তখন আর হরতাল বা আন্দোলনের দরকার হবে না, সংসদই হবে সবার বক্তব্য উপস্থাপনের জায়গা।”

বিএনপির সমালোচনা করে তিনি বলেন, “বাংলাদেশের মানুষ আজ ব্যবসা-বাণিজ্যে নিরাপত্তাহীনতায় ভুগছে। বিএনপি ক্ষমতায় থাকাকালে নয় মাসে দেড়শ খুনের ঘটনা ঘটেছে। চাঁদাবাজি করে তারা পল্টনে অর্থ তোলে, আর চলে যায় লন্ডনে। এটা কি আমরা দেখতে চেয়েছিলাম? এ জন্য কি আমরা আন্দোলন করেছি? আমরা চাই চাঁদাহীন, নিরাপদ, শান্তিপূর্ণ জীবন।”

সমাবেশে ইসলামী আন্দোলনের জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের হাজার হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানজুড়ে ছিল ‘সংস্কার চাই’, ‘সুষ্ঠু নির্বাচন চাই’, ‘আদর্শ নেতৃত্ব চাই’ ইত্যাদি স্লোগান।

মুফতি ফয়জুল করীমের এ বক্তব্যে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার সূত্রপাত হয়েছে—সুষ্ঠু নির্বাচন ও রাজনৈতিক সংস্কারের প্রশ্নে দেশের আগামী দিনগুলোর পথচলা কোন দিকে এগোয়, তা এখন সময়ই বলবে।