রাজনীতি
নির্বাচনের পরিবেশ নেই, প্রশাসন ভেঙে পড়েছে: চরমোনাই পীর
বর্তমান পরিস্থিতিতে দেশে কোনোভাবেই সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ রেজাউল করীম।
তিনি বলেন, "এখনো নির্বাচনের জন্য একটি লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়নি। প্রশাসন তাদের নিরপেক্ষ ভূমিকা পালন করতে পারছে না, বরং তা ভেঙে পড়েছে। সরকারও প্রশাসনের ওপর নিয়ন্ত্রণ হারিয়েছে। এ অবস্থায় যদি নির্বাচন হয়, তাহলে প্রার্থীদের নিরাপত্তা নিয়ে বড় ধরনের ঝুঁকি থেকে যাবে। আমরা কেন এই ঝুঁকিপূর্ণ নির্বাচনে যাব—এই প্রশ্নটি আপনাদের কাছেই রাখছি।"
বুধবার (৬ আগস্ট) রাজধানীর পল্টনে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
সংখ্যানুপাতিক (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন - পিআর) পদ্ধতিতে নির্বাচন আয়োজনের দাবিও পুনর্ব্যক্ত করেন চরমোনাই পীর। তিনি বলেন, "আমাদের দীর্ঘদিনের দাবি পিআর পদ্ধতির নির্বাচন। এর মাধ্যমে কালোটাকার দৌরাত্ম্য কমবে এবং সুষ্ঠু নির্বাচনের পথ তৈরি হবে। কিন্তু বিএনপি এককভাবে ক্ষমতায় যেতে চায় বলেই এই পদ্ধতি নিয়ে অশালীন ও শিষ্টাচারবহির্ভূত বক্তব্য দিচ্ছে।"
নির্বাচনের আগে জামায়াতে ইসলামীসহ অন্যান্য সমমনা ইসলামী দলগুলোর সঙ্গে ঐক্য গড়ে তোলার সম্ভাবনা প্রসঙ্গে তিনি বলেন, "যারা ইসলামপ্রেমী ও দেশপ্রেমিক—তাদের সঙ্গে নির্বাচনী জোট বা সমঝোতা হওয়ার বাস্তব সম্ভাবনা রয়েছে।"
‘জুলাই ঘোষণাপত্র’ নিয়ে অসন্তোষ প্রকাশ করে তিনি বলেন, "এটি একটি গুরুত্বপূর্ণ দলিল হলেও আমাদের সঙ্গে কোনো পূর্বপরামর্শ ছাড়াই তা ঘোষণা করা হয়েছে। আমাদের মতামত না নিয়ে শুধু উপস্থিত রেখে সমর্থন আদায় করা হয়েছে, যা ছিল আমাদের জন্য বিব্রতকর।"
প্রধান উপদেষ্টার ভাষণ প্রসঙ্গে চরমোনাই পীর বলেন, "ভাষণটি আবেগময় ও সুন্দরভাবে উপস্থাপিত হলেও তাতে বাস্তব সমস্যাগুলো উপেক্ষা করা হয়েছে। সরকার ও নির্বাচন কমিশনের কথিত সাফল্য তুলে ধরা হলেও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, জনগণের উদ্বেগ এবং নির্বাচনের উপযোগী পরিবেশের অভাবের ব্যাপারে কোনো সুস্পষ্ট বার্তা ছিল না।"
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলনের নায়েবে আমির সৈয়দ ফয়জুল করীম, মহাসচিব মাওলানা ইউনূস আহমদ, যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান, প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকনসহ দলের অন্যান্য কেন্দ্রীয় নেতারা।