রাজনীতি
এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক খান মুহাম্মদ মুরসালীনের পদত্যাগ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাদের একের পর এক পদত্যাগের ধারাবাহিকতায় এবার দলটির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক খান মুহাম্মদ মুরসালীন পদত্যাগের ঘোষণা দিয়েছেন। তাসনিম জারাসহ কয়েকজন কেন্দ্রীয় নেতার পদত্যাগের পর বৃহস্পতিবার (দুপুরে) নিজের ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি এ ঘোষণা দেন।
ভিডিওর ক্যাপশনে খান মুহাম্মদ মুরসালীন লেখেন, তিনি দীর্ঘদিন ধরে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। পাশাপাশি তিনি দলের মিডিয়া সেল, প্রচার ও প্রকাশনা সেলে কাজ করেছেন এবং সম্প্রতি নির্বাচনকালীন মিডিয়া উপকমিটির সেক্রেটারি হিসেবেও কিছুদিন দায়িত্ব পালন করেন।
পদত্যাগের সিদ্ধান্তের কথা জানিয়ে ভিডিও বার্তায় তিনি বলেন, আজ থেকে তিনি এনসিপির সব ধরনের দায়িত্ব ও পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। কেন এই সিদ্ধান্ত নিয়েছেন, তার বিস্তারিত ব্যাখ্যাও তিনি ওই ভিডিও বার্তায় তুলে ধরেন।
তবে দল ছাড়লেও রাজনীতি থেকে সরে দাঁড়াচ্ছেন না বলে স্পষ্ট করেন মুরসালীন। তিনি বলেন, এনসিপি থেকে পদত্যাগ করলেও তিনি রাজনৈতিক লড়াই চালিয়ে যাবেন। বক্তব্যের শেষাংশে তিনি বলেন, “দেখা হবে রাজপথে। ইনকিলাব জিন্দাবাদ।”
খান মুহাম্মদ মুরসালীনের এই পদত্যাগ এনসিপির অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে নতুন করে আলোচনা তৈরি করেছে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।