রাজনীতি
গণভোটের রায় বাস্তবায়ন না করলে সরকার মেয়াদ সম্পন্ন করে যেতে পারবে না: নাহিদ
গণভোটে জনগণের দেওয়া রায় বাস্তবায়ন না করলে বর্তমান সরকার নির্ধারিত মেয়াদ পূর্ণ করতে পারবে না বলে সতর্কবার্তা দিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম।
শনিবার (২৫ জুলাই) বিকেলে সিলেট আলিয়া মাদরাসা মাঠে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে আয়োজিত বিভাগীয় সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে তিনি এ কথা বলেন।
গণভোটের রায় বাস্তবায়ন এবং জুলাই গণহত্যায় জড়িত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সংশ্লিষ্টদের বিচারের দাবিতে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
নাহিদ ইসলাম বলেন, জনগণের রায়কে উপেক্ষা করে কোনো সরকার দীর্ঘদিন ক্ষমতায় থাকতে পারে না। তিনি বলেন, তারেক রহমানকে সিদ্ধান্ত নিতে হবে—তিনি কি গণতান্ত্রিকভাবে পাঁচ বছর ক্ষমতায় থাকতে চান, নাকি জনগণের রায় অমান্য করে অন্যদের মতো করুণ পরিণতির মুখোমুখি হতে চান।
তিনি আরও বলেন, গণভোটের রায় বাস্তবায়ন না হলে বর্তমান সরকারের প্রতি সমর্থন অব্যাহত রাখা সম্ভব নয়। সিলেটবাসীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, জুলাই বিপ্লবে যেভাবে তারা রক্ত দিয়ে গণতন্ত্র ও সার্বভৌমত্বের পক্ষে দাঁড়িয়েছেন, ঠিক তেমনি সংস্কারের দাবিতে আবারও আন্দোলন গড়ে তুলতে হবে।
আন্তর্জাতিক প্রেক্ষাপট তুলে ধরে নাহিদ ইসলাম বলেন, বিশ্বের বিভিন্ন দেশে তরুণদের জাগরণ এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জুলাই বিপ্লবের ধারাবাহিকতা। তিনি বাংলাদেশের পক্ষ থেকে ভারতের আন্দোলনরত ছাত্র-তরুণদের প্রতি সমর্থন জানান।
তিনি অভিযোগ করেন, নির্বাচনের পর গঠিত নতুন সরকার জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে এবং গণভোটে দেওয়া ৭০ শতাংশ মানুষের রায়কে অবজ্ঞা করছে।
অর্থনৈতিক পরিস্থিতি নিয়েও সমালোচনা করে তিনি বলেন, গ্যাস সংকট, জ্বালানি ও বিদ্যুতের দাম বৃদ্ধি, এলপিজির মূল্যবৃদ্ধি এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষ চাপে রয়েছে। পাশাপাশি বাজেটের মাধ্যমে মধ্যবিত্তের ওপর অতিরিক্ত করের বোঝা চাপানো হয়েছে বলেও দাবি করেন তিনি।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান। সভাপতিত্ব করেন এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ। এছাড়া বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকসহ ১১ দলীয় জোটের শীর্ষ নেতারা বক্তব্য দেন।