রাজনীতি

কাদের হামলায় সারজিস-পাটওয়ারী আহত, জানালেন আসিফ মাহমুদ


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৮ জুলাই ২০২৬, ০৮:৫৭ পিএম

কাদের হামলায় সারজিস-পাটওয়ারী আহত, জানালেন আসিফ মাহমুদ
ছবি: সংগৃহীত

হবিগঞ্জে জুলাই পদযাত্রাকে কেন্দ্র করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের ওপর হামলার অভিযোগ উঠেছে। দলের দাবি, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের গাড়িবহর লক্ষ্য করে এ হামলা চালানো হয়।

এনসিপির নেতাকর্মীরা অভিযোগ করেন, স্থানীয় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নেতাকর্মীরা এ হামলায় জড়িত। এতে সাংবাদিকসহ এনসিপির একাধিক নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি লেখেন, পুলিশের উপস্থিতিতেই হামলার ঘটনা ঘটেছে, যা উদ্বেগজনক। হামলাকারীরা মোবাইল ফোন ও ক্যামেরা ছিনিয়ে নেওয়ার পাশাপাশি এনসিপির মিডিয়া টিমের একটি মাইক্রোবাস জেলা সার্কিট হাউসের ভেতরে নিয়ে ভাঙচুর করেছে বলেও দাবি করেন তিনি।

নিজের পোস্টে তিনি এই ঘটনাকে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের ভেতরে সংঘটিত একটি গুরুতর রাজনৈতিক সহিংসতার দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেন।

এ বিষয়ে এনসিপির যুগ্ম সদস্যসচিব সালেহ উদ্দিন সিফাত জানান, পদযাত্রার সময় নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলমের গাড়িবহরে অতর্কিত হামলা চালানো হয়। এতে দলীয় নেতাকর্মী ও সাংবাদিকরা আহত হন বলে তিনি জানান।