রাজনীতি
স্থানীয় সরকার নির্বাচনে ৫ হাজার ইউনিয়নে একক প্রার্থী দেবে এনসিপি: সারজিস
স্থানীয় সরকার নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কোনো জোটে না গিয়ে এককভাবে অংশ নেবে বলে জানিয়েছেন দলটির মুখ্য সংগঠক সারজিস আলম। একই সঙ্গে দেশের পাঁচ হাজার ইউনিয়নে একক প্রার্থী দেওয়ার পরিকল্পনার কথাও জানিয়েছেন তিনি।
সোমবার (২৪ আগস্ট) সন্ধ্যায় চট্টগ্রামের মোটেল সৈকতে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন সারজিস আলম।
তিনি জানান, ইতোমধ্যে পাঁচটি সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করেছে এনসিপি। আগামী সেপ্টেম্বরের মধ্যে বাকি আটটি সিটি করপোরেশনের মেয়র প্রার্থীর নামও চূড়ান্ত করা হবে।
সারজিস আলম বলেন, ২০২৬ সালের ডিসেম্বরের মধ্যে দেশের পাঁচ হাজার ইউনিয়নের প্রতিটিতে আহ্বায়ক কমিটি গঠন করা হবে। পাশাপাশি নভেম্বরের মধ্যে সব ইউনিয়নের জন্য একক প্রার্থী ঘোষণা করার পরিকল্পনা রয়েছে।
সভায় এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ বলেন, শেখ হাসিনা দেশে ফিরলে তাকে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হবে। একই সঙ্গে তিনি শেখ হাসিনার মৃত্যু ও দাফন দিল্লিতে হবে বলেও মন্তব্য করেন।
দলের আরেক কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বর্তমান সরকারের ছয় মাসের কার্যক্রমের মূল্যায়ন করে একে ‘অদক্ষতা, অব্যবস্থাপনা ও অসততার সরকার’ বলে মন্তব্য করেন। এ সময় সরকারের বিভিন্ন সিদ্ধান্ত ও কর্মকাণ্ডের সমালোচনা করেন তিনি।
সাংগঠনিক সমন্বয় সভায় জাতীয় যুবশক্তির সেক্রেটারি ফারহাদ সোহেল, জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক আবু বাকের মজুমদার, জাতীয় যুবশক্তির সাংগঠনিক সম্পাদক রিফাত রশীদসহ এনসিপির কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।