রাজনীতি

সেনা সদস্যদের সঙ্গে তর্কের ঘটনায় জামায়াত প্রার্থী খালিদুজ্জামানের দুঃখ প্রকাশ


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৩৮ পিএম

সেনা সদস্যদের সঙ্গে তর্কের ঘটনায় জামায়াত প্রার্থী খালিদুজ্জামানের দুঃখ প্রকাশ
ছবি: সংগৃহীত

ক্যান্টনমেন্ট এলাকায় গানম্যানসহ প্রবেশকে কেন্দ্র করে দায়িত্বরত সেনা সদস্যদের সঙ্গে বাগ্‌বিতণ্ডার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর দুঃখ প্রকাশ করেছেন ঢাকা-১৭ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. এস এম খালিদুজ্জামান।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি ঘটনাটিকে অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে এর ব্যাখ্যা দেন এবং দুঃখ প্রকাশ করেন।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, ডা. খালিদুজ্জামান গানম্যানসহ ক্যান্টনমেন্ট এলাকায় প্রবেশের চেষ্টা করলে সেখানে দায়িত্বরত সেনা সদস্যরা তাকে বাধা দেন। সেনা সদস্যরা নিয়ম অনুযায়ী ক্যান্টনমেন্ট এলাকায় অস্ত্র বা গানম্যান নিয়ে প্রবেশ নিষিদ্ধ বলে জানালে উভয়ের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে তাকে উত্তেজিত অবস্থায় দেখা যায়। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়।

এ বিষয়ে ফেসবুক পোস্টে ডা. খালিদুজ্জামান লেখেন, ক্যান্টনমেন্ট এলাকায় প্রবেশকে কেন্দ্র করে সেনাবাহিনীর দায়িত্বপ্রাপ্ত সদস্যদের সঙ্গে একটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, যা থেকে ভিন্নমুখী প্রতিক্রিয়া তৈরি হয়েছে। তিনি দাবি করেন, ঘটনাটি তখনই মীমাংসা হয়ে যায়, তবে একটি স্বার্থান্বেষী মহল বিষয়টি ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে।

পোস্টের শেষাংশে তিনি বলেন, ‘এই ঘটনার জন্য আমি দুঃখ প্রকাশ করছি এবং ভবিষ্যতে যেন এ ধরনের ভুল বোঝাবুঝি না হয়, সে বিষয়ে আমি সচেষ্ট থাকব, ইনশাআল্লাহ।’ পরবর্তীতে দেওয়া আরেকটি পোস্টে তিনি উল্লেখ করেন, ক্যান্টনমেন্ট এলাকার মর্যাদা রক্ষা করা তার দায়িত্ব।

এ বিষয়ে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সামি উদ দৌলা চৌধুরী একটি সংবাদমাধ্যমকে জানান, অনাকাঙ্ক্ষিত ঘটনাটি তাৎক্ষণিকভাবে সমাধান করা হয়েছে এবং এ নিয়ে নতুন করে মন্তব্য করার কিছু নেই।