রাজনীতি
জামায়াত প্রার্থী আমির হামজার ফেসবুক পেজ বন্ধ করল মেটা
কুষ্টিয়া সদর আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুফতি আমির হামজার ভেরিফায়েড ফেসবুক পেজ সাময়িকভাবে বন্ধ করেছে মেটা।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুর সোয়া ২টার দিকে অপসারিত পেজটির ফলোয়ার ছিল ৬ লাখ ৩৯ হাজার।
বিকেলে মুফতি আমির হামজার আইটি টিম এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, পেজটি কয়েকদিন ধরে একটি পরিকল্পিত সাইবার আক্রমণ ও ভুয়া কপিরাইট স্ট্রাইকের শিকার হচ্ছিল। আইটি টিমের দাবি, এটি কোনো নীতিমালা লঙ্ঘনের কারণে হয়নি, বরং উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা অভিযোগ ও বিভ্রান্তিকর রিপোর্টিংয়ের ফল।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “মানুষের সমর্থন ও ক্রমবর্ধমান জনপ্রিয়তা দেখে ঈর্ষান্বিত হয়ে একটি চিহ্নিত মহল এই ন্যাক্কারজনক কাজটি করেছে। তবে ফেসবুক থেকে একটি পেজ সরিয়ে দিলেও মানুষের হৃদয় থেকে আমির হামজাকে সরানো সম্ভব নয়।”
তারা আরও জানিয়েছেন, পেজ পুনরুদ্ধারের জন্য মেটা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং প্রয়োজনীয় সকল তথ্য ও প্রমাণ উপস্থাপনের প্রক্রিয়া চলমান রয়েছে।
আইটি টিম সমর্থকদের প্রতি অনুরোধ জানিয়েছে, ভুয়া আইডি, গুজব ও বিভ্রান্তিকর প্রচারণায় বিভ্রান্ত না হয়ে ধৈর্য ও সচেতনতা বজায় রাখার জন্য। তারা আশ্বাস দিয়েছেন, ইনশাআল্লাহ সত্যের বিজয় হবে।