রাজনীতি

 শপথ অনুষ্ঠানে হেফাজত আমিরকে আমন্ত্রণ জানালেন তারেক রহমান


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৩৩ পিএম

 শপথ অনুষ্ঠানে হেফাজত আমিরকে আমন্ত্রণ জানালেন তারেক রহমান

সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্য ও মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে হেফাজতে ইসলামের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীকে অতিথি হিসেবে আমন্ত্রণ জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিএনপির অফিশিয়াল ফেসবুক পেজে এই তথ্য জানানো হয়। 

ফেসবুক পোস্টে দলটি জানায়, আজ সোমবার দুপুরে টেলিফোনে আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে কথা বলেন তারেক রহমান এবং আগামীকাল মঙ্গলবার অনুষ্ঠিতব্য নতুন সরকারের শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান।

জানা গেছে, শপথ অনুষ্ঠানকে সর্বস্তরের অংশগ্রহণমূলক ও তাৎপর্যপূর্ণ করতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় ব্যক্তিত্বকে আমন্ত্রণ জানানো হচ্ছে। তারই অংশ হিসেবে হেফাজতে ইসলামের আমিরকে আমন্ত্রণ জানানো হয়েছে।

এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে হেফাজতে ইসলামের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

প্রসঙ্গত, মঙ্গলবার নতুন সরকারের শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দল ও বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে।