রাজনীতি
ইনকিলাব জিন্দাবাদ, চাঁদাবাজ মুর্দাবাদ: নাসীরুদ্দীন পাটওয়ারী
‘ইনকিলাব জিন্দাবাদ’ স্লোগানকে ঘিরে চলমান বিতর্কের মধ্যে প্রতিক্রিয়া জানিয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক শনিবার (২১ ফেব্রুয়ারি) রাতে নিজের ফেসবুক স্ট্যাটাসে লেখেন, “ইনকিলাব জিন্দাবাদ, চাঁদাবাজ মুর্দাবাদ।”
এর আগে একই ইস্যুতে বক্তব্য দিয়েছেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-০৪ আসনের এমপি হাসনাত আব্দুল্লাহ।

ঘটনার সূত্রপাত হয় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর এক বক্তব্যকে কেন্দ্র করে। শনিবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে সিরাজগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “বাংলাকে যদি ধারণ করতে হয়, বাংলা ভাষাকে যদি মায়ের ভাষা বলতে হয়, তাহলে ইনকিলাব জিন্দাবাদ চলবে না। ইনকিলাব জিন্দাবাদ এগুলোর সঙ্গে বাংলার কোনো সম্পর্ক নেই।”
মন্ত্রীের ওই বক্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়।