রাজনীতি
রংপুর সিটি কর্পোরেশনে এনসিপির মেয়র প্রার্থী সারজিস আলম
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি শুরু করেছে। ইতিমধ্যে ঢাকার ২ সিটি কর্পোরেশনসহ ৫টি সিটি কর্পোরেশন নির্বাচনে তাদের সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করেছে দলটি। বাকি ৭টি সিটি কর্পোরেশনেও দ্রুতই প্রার্থী ঘোষণা করবে দলটি।
এদিকে উত্তরাঞ্চলের প্রধান সংগঠক সারজিস আলমকে রংপুর সিটি কর্পোরেশনের জন্য বিবেচনা করছে দলটি।
এর আগে সারজিস ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে পঞ্চগড়-১ আসন থেকে নির্বাচন করেন এবং বিপুল ভোটের ব্যবধানে পরাজিত হন।
সারজিস আলমের প্রার্থী হওয়া প্রসঙ্গে এনসিপির যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব বলেন, সারজিসের নাম রংপুরে স্থানীয় অনেকেই প্রস্তাব করেছে, তবে দল এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। তবে এ ব্যাপারে দ্রুতই সিদ্ধান্ত আসবে।
এর আগে ২৯ মার্চ এক সংবাদ সম্মেলনে দলের আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম ৫ সিটিতে প্রার্থীদের নাম ঘোষণা করেন। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে মেয়র পদে লড়বেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে প্রতিদ্বন্দ্বিতা করবেন দলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও মহানগর উত্তরের আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব।
এ ছাড়াও কুমিল্লা সিটি কর্পোরেশনে জাতীয় যুবশক্তির আহ্বায়ক তারিকুল ইসলাম, সিলেট সিটি কর্পোরেশনে মহানগর এনসিপির আহ্বায়ক আবদুর রহমান আফজাল এবং রাজশাহী সিটি কর্পোরেশনে মহানগর এনসিপির আহ্বায়ক মো. মোবাশ্বের আলী মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন।