রাজনীতি

পতিত হাসিনাকে ফেরাতে রাতের আঁধারে যুবলীগের শপথ 


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৬, ০৮:০৪ পিএম

পতিত হাসিনাকে ফেরাতে রাতের আঁধারে যুবলীগের শপথ 
ছবিঃ সংগৃহিত

জুলাই গণঅভ্যুত্থান পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে রাতের আঁধারে শপথ নিয়েছেন লক্ষ্মীপুরের কমলনগরে যুবলীগের নেতাকর্মীরা। 

গতকাল সোমবার (২৭ এপ্রিল) দুপুর থেকে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।   

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল ভিডিওতে দেখা যায়, প্রায় শতাধিক নেতাকর্মী মুষ্টিহাতে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে শপথ নিচ্ছেন। এতে কমলনগর উপজেলার ১নং চর কালকিনি ইউনিয়ন যুবলীগের সভাপতি জহিরুল ইসলাম রিয়াদ ভাণ্ডারীর নেতৃত্ব দিয়েছেন। মেঘনা নদীর তীরবর্তী একটি নির্জন স্থানে এ জমায়েত অনুষ্ঠিত হয়। 

ভিডিওটিতে রিয়াদ ভাণ্ডারীকে বলতে শোনা যায়, আমরা আমাদের নেত্রীকে ফিরিয়ে আনতে যে কোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত। অত্যন্ত গোপনীয়তার সঙ্গে মেঘনা নদীর তীরবর্তী দুর্গম একটি নির্জন স্থানে এ কর্মসূচি পালন করা হয় বলে স্থানীয়রা জানিয়েছেন।

৫ আগস্টের পর থেকে যেখানে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের অধিকাংশ নেতাকর্মী আত্মগোপনে, সেখানে এমন ভিডিও বার্তায় স্থানীয় জনমনে কৌতূহল ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে চর কালকিনি ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, গত ১৫ বছর তারা সাধারণ মানুষের ওপর জুলুম চালিয়েছে। এখন শান্ত কমলনগরকে আবার অশান্ত করার নীল নকশা তৈরি করছে তারা। আমরা এলাকায় শান্তিপ্রিয় রাজনীতি চাই। চরের নির্জন এলাকায় এ ধরনের গোপন তৎপরতা কোনো স্বাভাবিক রাজনৈতিক কর্মসূচি হতে পারে না। প্রশাসনের উচিত দ্রুত তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া।

নির্জন চরাঞ্চলে যুবলীগের এমন মহড়া এবং শপথের ভিডিও প্রকাশ্যে এলেও এখন পর্যন্ত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে স্থানীয়দের দাবি, এই ভিডিওর সূত্র ধরে এলাকায় রাজনৈতিক উত্তাপ বাড়তে পারে।

এদিকে কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল আলম জানান, সামাজিক শান্তি বজায় এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে শপথ বাক্য পাঠকারীদের বিরুদ্ধে অবশ্যই আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।