রাজনীতি

‘প্রধানমন্ত্রী ছাড়া সরকারের অন্য কারও মধ্যে পরিবর্তনের ছাপ নেই’: মঞ্জু  


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৩ জুন ২০২৬, ০৭:১২ পিএম

‘প্রধানমন্ত্রী ছাড়া সরকারের অন্য কারও মধ্যে পরিবর্তনের ছাপ নেই’: মঞ্জু  
ছবিঃ সংগৃহীত

আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের পর জনগণের যে পরিবর্তনের প্রত্যাশা ছিল, তা এখনো পূর্ণ হয়নি। তাঁর দাবি, প্রধানমন্ত্রী তারেক রহমান ছাড়া সরকারের অন্য কোনো মন্ত্রী-এমপি বা দলীয় নেতার মধ্যে প্রকৃত পরিবর্তনের ছাপ দেখা যাচ্ছে না।

আজ শনিবার (১৩ জুন) সকালে রংপুর জেলা পরিষদ কমিউনিটি সেন্টারে এবি পার্টির রংপুর বিভাগীয় প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি অভিযোগ করেন, বর্তমান রাজনৈতিক সংস্কৃতিতে এখনো পুরোনো ধাঁচের ভাষা, আচরণ ও ক্ষমতার রাজনীতির প্রতিফলন স্পষ্টভাবে বিদ্যমান।

মজিবুর রহমান মঞ্জু বলেন, সংসদে সংস্কার ও সুশাসনের আলোচনা প্রাধান্য পাওয়ার কথা থাকলেও বাস্তবে দেখা যাচ্ছে পুরোনো রাজনৈতিক ধারায় একে অপরের বিরুদ্ধে কাদা ছোড়াছুড়ি চলছে। একই সঙ্গে সংসদ সদস্যদের সুযোগ-সুবিধা এবং প্রশাসনিক সুবিধা নিয়ে উভয় পক্ষ আবার এক জায়গায় অবস্থান করছে বলেও মন্তব্য করেন তিনি। 

তিনি সীমান্ত পরিস্থিতি নিয়েও কথা বলেন। সীমান্ত এলাকায় ‘পুশইন’ ইস্যুতে সাধারণ মানুষ ও বর্ডার গার্ড বাংলাদেশ-এর যৌথ প্রতিরোধের প্রশংসা করে তিনি বলেন, জনগণ ও আইনশৃঙ্খলা বাহিনীর এই ঐক্যই দেশের সার্বভৌমত্ব রক্ষার প্রধান শক্তি।

বাজেট প্রসঙ্গে তিনি বলেন, বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে মূল্যস্ফীতি প্রায় ১০ শতাংশের কাছাকাছি। সরকার ট্রেজারি বিল থেকে বিপুল পরিমাণ ঋণ গ্রহণ করছে, যা ভবিষ্যতে আর্থিক ঝুঁকি তৈরি করতে পারে। তাঁর মতে, ঋণনির্ভর বাজেট সাময়িকভাবে জনগণকে বিভ্রান্ত করার মতোই।

এবি পার্টির চেয়ারম্যান আরও দাবি করেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ব্যয় সংকোচন নীতি গ্রহণের চেষ্টা করছেন, তবে প্রশাসন ও দলীয় পর্যায়ে তার যথাযথ প্রতিফলন দেখা যাচ্ছে না। তিনি সংসদে সীমান্ত ইস্যুতে সর্বসম্মত নিন্দা প্রস্তাব আনার আহ্বান জানান।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবি পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. মেজর (অব.) আব্দুল ওহাব মিনার এবং যুব শাখার আহ্বায়ক শাহাদাতুল্লাহ টুটুল। বক্তারা দেশের রাজনৈতিক পরিস্থিতি, উন্নয়ন ও তরুণদের কর্মসংস্থান নিয়ে বিভিন্ন দিক তুলে ধরেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে দীর্ঘ আন্দোলনের পরও কাঙ্ক্ষিত রাজনৈতিক পরিবর্তন পুরোপুরি বাস্তবায়িত হয়নি। বাজেট কাঠামোতে সাধারণ মানুষ ও মধ্যবিত্তের স্বার্থ আরও গুরুত্ব পাওয়া প্রয়োজন বলেও তারা মত দেন।

সীমান্ত পরিস্থিতি ও ভারতের নীতির সমালোচনা করে বক্তারা বলেন, সীমান্তে ‘পুশইন’ কর্মকাণ্ড মানবিক ও কূটনৈতিকভাবে গ্রহণযোগ্য নয়। এ বিষয়ে সরকারের আরও কঠোর অবস্থান নেওয়া প্রয়োজন বলে তারা মত দেন।

শেষে প্রতিনিধি সম্মেলনে রংপুর বিভাগের সাংগঠনিক কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণসহ বিভিন্ন বিষয়ে আলোচনা ও মতামত বিনিময় করা হয়।