রাজনীতি
‘আপনারা একটা তালিকা করে দিন, কী কী বললে দরজায় পুলিশ আসবে না’
বাসায় অতিরিক্ত বিদ্যুৎ বিল আসার অভিযোগ তুলে প্রধানমন্ত্রীসহ সরকারের সংশ্লিষ্টদের নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে গালিগালাজ করে ভিডিও প্রকাশের অভিযোগে গাজীপুরের সিফাত আব্দুল্লাহকে আটকের ঘটনায় প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির সাবেক নেত্রী ডা. তাসনিম জারা।
শুক্রবার বিকেলে নিজের ভেরিফায়েড সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি সিফাতের গ্রেপ্তার ও তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়েরের বিষয়টি নিয়ে সমালোচনা করেন।
পোস্টে তাসনিম জারা বলেন, সিফাতের ভাষা ভদ্র ছিল না, এ নিয়ে তর্কের কিছু নেই। তবে প্রশ্নটা ভদ্রতার নয়। কারণ তাকে অভদ্রতার জন্য গ্রেপ্তার করা হয়নি, মামলা দেওয়া হয়েছে সন্ত্রাসবিরোধী আইনে। তাহলে গালি দেওয়া কি সন্ত্রাস?
তিনি আরও বলেন, যারা সিফাতের গ্রেপ্তারের বিরোধিতা করে লিখছেন, তাদের মন্তব্যের ঘরেও গালির বন্যা দেখা যাচ্ছে। অথচ তারাই বলছেন, ছেলেটি গালি দিয়েছে, তাই তাকে আটক করা ঠিক হয়েছে। বিষয়টিকে তিনি বিদ্রূপাত্মক হিসেবে উল্লেখ করেন।
তাসনিম জারা বলেন, মানুষ জানে তারা কাকে গালি দিচ্ছে এবং কাকে দিচ্ছে না। অর্থাৎ ক্ষমতাসীন কাউকে গালি দিলে সেটি অপরাধ, আর ক্ষমতায় না থাকা কাউকে গালি দিলে সেটি গ্রহণযোগ্য, এমন একটি ধারণা তৈরি হয়েছে।
তিনি প্রশ্ন রেখে বলেন, কী কী লিখলে, কী কী আঁকলে কিংবা বিদ্যুৎ বিলের কাগজ হাতে নিয়ে কী কী বললে রাত সাড়ে আটটায় দরজায় পুলিশ আসবে না, সেই তালিকা করে দেওয়া হোক। তাহলে সবাই সেটি মেনে চলবে।
পাশাপাশি তিনি নিজেদের সংযত হওয়ার আহ্বান জানান এবং সিফাত আব্দুল্লাহকে অবিলম্বে মুক্তি দেওয়ার দাবি করেন। একই সঙ্গে তার বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার এবং কথা বলার কারণে প্রয়োগ করা যায়, এমন সন্ত্রাসবিরোধী আইনের ধারাগুলো সংশোধনের দাবি জানান।
সিফাত আব্দুল্লাহর বিরুদ্ধে অভিযোগ, বাসায় অতিরিক্ত বিদ্যুৎ বিল আসার দাবি তুলে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেন। ওই ভিডিওতে প্রধানমন্ত্রীসহ সরকারের সংশ্লিষ্টদের নিয়ে আপত্তিকর ভাষা ব্যবহারের অভিযোগে তাকে আটক করা হয়। পরে সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় তাকে গাজীপুর আদালতে পাঠানো হয়।