রাজনীতি
পটুয়াখালীতে নুরের ওপর হামলা
পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার চার কাজল ইউনিয়নে স্থানীয় বিএনপি এবং গণঅধিকার পরিষদের কার্যালয় ভাঙচুর, দফায় দফায় পালটাপালটি হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।
এই হামলা ভাঙচুর ও সংঘর্ষে গণঅধিকার পরিষদের আহব্বায়ক নুরুল হক নুরসহ উভয় দলের কমপক্ষে অর্ধশত মানুষ আহত হয়েছেন।
এ ঘটনায় এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে। পুলিশ মোতায়েন করা হয়েছে। প্রতিবাদে গলাচিপা ও পটুয়াখালীতে বিএনপি-ছাত্রদল ও গণঅধিকার পরিষদ পালটাপালটি বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
বিএনপির বিক্ষুব্ধ নেতাকর্মীরা রাস্তায় গাছ ফেলে ভিপি নুরকে উপজেলার বকুল বাড়িয়ায় রাত ১১টা থেকে অবরুদ্ধ করে রাখে। বৃহস্পতিবার রাত ৮টা থেকে ১১টা পর্যন্ত দুই দলের এই হামলা-পালটা হামলার ঘটনা ঘটে। মধ্য রাতে অবরূদ্ধ ভিপি নুরুল হক নুরকে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা উদ্ধার করার জন্য ঘটনাস্থলে পৌঁছান।
বিএনপির একাধিক নেতা জানান, ঈদুল আজহার পরে গলাচিপা ও দশমিনায় প্রকাশ্য সমাবেশে গণঅধিকার পরিষদের সভাপতি ভিপি নুর স্থানীয় বিএনপির শীর্ষ নেতাদের বিষাদাগার করেন। এঘটনায় তার নিজের ইউনিয়ন গলাচিপার চর কাজলে গত বুধবার রাতে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা তার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করলে বাঁধে বিপত্তি।
নুরুল হক নুর তার ভেরিফায়েড ফেসবুকে দেওয়া একটি পোস্টে উল্লেখ করেন, গলাচিপা উপজেলার পাতাবুনিয়া বটতলা বাজারে বিএনপি নেতা হাসান মামুনের অনুসারীরা রাস্তায় গাছ ফেলে গুলতি (ছটকা), লোহার রড, রামদা নিয়ে তাদের পথরোধ করেন। এসময় স্থানীয় কয়েক জনকে মারধর করে দুটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।
এসময় তারা কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর ও অগ্নিসংযোগ করে বলে জানান গণঅধিকার পরিষদের একনেতা। পরে মধ্যরাতে সেনাবাহিনী সদস্যরা এসে তাকে উদ্ধার করেন। সেনাবাহিনী ও পুলিশের কাছ থেকে কোনো সহযোগীতা না পেয়ে গলাচিপা ডাকবাংলোতে রাত্রী যাপনের উদ্দেশ্যে রওনা হন নুর।
গলাচিপা-দশমিনার বিএনপি নেতাদের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে অনুরোধ জানিয়ে কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য হাসান মামুন। বকুলবাড়িয়ায় অবরুদ্ধ ভিপি নুরুল হক নুরকে উদ্ধারে প্রশাসনের সর্বোচ্চ সহযোগিতা করার অনুরোধ জানিয়েছেন দলীয় নেতাকর্মীদের।
এদিকে ভিপি নুরুল হক নুর গাতাবুনিয়া এক সভায় বলেন, হাসান মামুন এর নির্দেশে তার নিজের এলাকায় হামলা শিকারের ঘটনায় তিনি লজ্জিত। বিএনপির শীর্ষ নেতৃত্ব তাকে সহায়তায় করার জন্য চিঠি দিলেও তাদের ওপর হামলা করা হলো। যেই সাহস বিগত দিনে ফ্যাসিস্ট আওয়ামী লীগও দেখায়নি। জুলাই বিপ্লবের উত্তাল দিনেও তার বাড়ি ঘরে আওয়ামী লীগ একটি ঢিলও ছুড়েনি। ২০২৪ এর নতুন স্বাধীনতার পর আজ এলাকায় আমাদের ওপর হামলার ঘটনায় বিএনপির শীর্ষ নেতৃত্ব লজ্জিত কিনা আমি জানি না। তবে জাতি আজ লজ্জিত হয়েছে।
এ প্রসঙ্গে কেন্দ্রীয় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হাসান মামুন বলেন, নুরুল হক নুর এলাকায় অবস্থান করে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন। এছাড়াও বুধবার তিনি প্রকাশ্যে একটি ঠিকাদারী কাজ নিয়ে জেলা বিএনপির এক জ্যেষ্ঠ নেতা জড়িয়ে উদ্দেশ্য প্রণোদিত বক্তব্য দিয়েছেন। তাছাড়া বৃহস্পতিবার চরবিশ্বাস বাজারে তার লোকজন বিএনপির নেতাকর্মীর উপর হামলা চালিয়েছেন। এইসব উস্কানিমূলক বক্তব্যের কারনে স্থানীয়রা লোকজন তার প্রতি ক্ষিপ্ত হতে পারেন।
অন্যদিকে গণঅধিকার পরিষদ পটুয়াখালী জেলা শাখার সাধারণ সম্পাদক শাহালম জানান, ভিপি নুর ভাইয়ের নিজের ইউনিয়ন চর বিশ্বাস ও চর শিবায় গণঅধিকার পরিষদের সকল কার্যালয় ভাঙচুর করেছে বিএনপির নেতাকর্মীরা। এ হামলায় তার ছোট ভাই আমিনুল ইসলাম নুরসহ গণঅধিকার পরিষদের প্রায় ২৫/৩০ নেতাকর্মী আহত হয়েছেন। এলাকায় এখন থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
গলাচিপা থানার অফিসার্স ইনচার্জ জানিয়েছেন, বিএনপি ও গণঅধিকার পরিষদ মারামারি হয়েছে। পরিস্থিতি এখন শান্ত রয়েছে।