রাজনীতি

প্রজাপতি প্রতীকে নিবন্ধন পেতে যাচ্ছে তারেক রহমানের ‘আমজনতার দল’


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২৫, ০৪:২৬ পিএম

প্রজাপতি প্রতীকে নিবন্ধন পেতে যাচ্ছে তারেক রহমানের ‘আমজনতার দল’
ছবি: সংগৃহীত

অবশেষে নিবন্ধনের সিদ্ধান্ত পেল তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন রাজনৈতিক দল ‘আমজনতার দল’। দলটি প্রজাপতি প্রতীকে নিবন্ধন পেতে যাচ্ছে। পাশাপাশি ‘জনতার দল’ নামের আরেকটি দলও নিবন্ধন পাচ্ছে।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।

ইসির সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, নিবন্ধন না পাওয়ায় সাম্প্রতিক সময়ে আমজনতার দলের সদস্যসচিব তারেক রহমান নির্বাচন ভবন সংলগ্ন এলাকায় যে আমরণ অনশন কার্যক্রম শুরু করেছিলেন, ইসির ইতিবাচক সিদ্ধান্তে সেটির সমাপ্তি হতে যাচ্ছে।

তারেক রহমান বলেন, “প্রজাপতি প্রতীকেই আমরা নিবন্ধন পাচ্ছি। ইসি জানিয়েছে- নিবন্ধন পাওয়ার জন্য প্রয়োজনীয় সব শর্ত আমরা পূরণ করেছি। এখন পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ হবে, এরপর গেজেট জারি করা হবে।”

নিবন্ধন প্রক্রিয়ার আনুষ্ঠানিকতা সম্পন্ন হলে উভয় দলই আগামী নির্বাচনসহ রাজনৈতিক কর্মকাণ্ডে প্রাপ্য সুবিধা ভোগ করতে পারবে।