রাজনীতি
তারেক রহমানের প্রধানমন্ত্রী হওয়া সময়ের ব্যাপার: পার্থ
বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা–১ (সদর) আসনে বিএনপি জোটের প্রার্থী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেছেন, দেশের সব জাতীয়তাবাদী শক্তি ও ভোটাররা একসঙ্গে থাকলে তারেক রহমানের প্রধানমন্ত্রী হওয়া কেবল সময়ের ব্যাপার মাত্র।
তিনি বলেন, জনগণের সমর্থন ও ঐক্য থাকলেই গণতান্ত্রিক পরিবর্তন নিশ্চিত হবে।
রোববার বিকাল সাড়ে ৫টার দিকে ভোলা সদর উপজেলার উত্তর দিঘলদী ইউনিয়নের ঘুইংগারহাট-সংলগ্ন এলাকায় বিজেপি ও বিএনপির যৌথ আয়োজনে অনুষ্ঠিত এক নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
আন্দালিব রহমান পার্থ বলেন, গত কয়েকদিন ধরে ভোলার গ্রামেগঞ্জে পায়ে হেঁটে ও মোটরসাইকেলে ঘুরে মানুষের কথা শুনেছি। বাস্তব চিত্র তুলে ধরে তিনি বলেন, ভোলার রাস্তাঘাটের অবস্থা অত্যন্ত নাজুক। এখানকার মানুষের জন্য ভোলা–বরিশাল সেতু নেই, মেডিকেল কলেজ নেই, তরুণদের জন্য কর্মসংস্থানের পর্যাপ্ত সুযোগও তৈরি হয়নি। এসব ঘাটতি পূরণে ভোলায় ব্যাপক উন্নয়নমূলক কাজ করার প্রয়োজন রয়েছে বলে তিনি মন্তব্য করেন।
তিনি আরও বলেন, ভোলার মানুষ উন্নয়ন ও ন্যায্য অধিকার থেকে দীর্ঘদিন বঞ্চিত। জনগণের ভোট ও সমর্থন পেলে ভোলাকে একটি আধুনিক ও সমৃদ্ধ জেলায় রূপান্তর করার প্রতিশ্রুতি দেন তিনি।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ভোলা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আমিনুল হক, শফিউর রহমান কিরণ, হারুনুর রশিদ ট্রুম্যান ও এনামুল হক। এছাড়া বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক রাইসুল আলম, ভোলা জেলা বিজেপির সভাপতি আমিনুল ইসলাম রতন, সাধারণ সম্পাদক মোতাছিন বিল্লাহ, সাংগঠনিক সম্পাদক নুরনবীসহ স্থানীয় নেতৃবৃন্দ।
সমাবেশে উপস্থিত নেতারা বলেন, আসন্ন নির্বাচনে জনগণের রায়ই দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে এবং ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমেই গণতন্ত্র পুনরুদ্ধার সম্ভব হবে।