প্রবাস

মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযানে ৭২ বাংলাদেশিসহ ৪০২ জন আটক


প্রবাস ডেস্ক
প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২৫, ০৪:২৯ পিএম

মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযানে ৭২ বাংলাদেশিসহ ৪০২ জন আটক
ছবি: সংগৃহীত

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কড়াকড়ি জোরদার করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। এ লক্ষ্যে দুই রাজ্যে চালানো সমন্বিত সাঁড়াশি অভিযানে ৭২ জন বাংলাদেশিসহ মোট ৪০২ জনকে আটক করা হয়েছে।

ইমিগ্রেশন বিভাগ জানায়, জোহর বাহরু জেলার তেব্রাউ শিল্প এলাকায় অবস্থিত একটি কম্পিউটার যন্ত্রাংশ উৎপাদনকারী কারখানায় বড় ধরনের অভিযান পরিচালনা করা হয়। বুধবার সন্ধ্যা ৭টা থেকে শুরু হওয়া এ অভিযানে অবৈধভাবে প্রবাসী শ্রমিক নিয়োগের সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে কারখানাটি ঘিরে ফেলা হয়। অভিযানে সেখানে কর্মরত ৩৫৬ জন বিদেশিকে আটক করা হয়, যাদের অধিকাংশেরই বৈধ ভ্রমণ নথি বা কাজের অনুমতি ছিল না।

জোহর ইমিগ্রেশন বিভাগের পরিচালক দাতুক মোহদ রুসদি মোহদ দারুস জানান, সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থা (একেপিএস)-এর সহযোগিতায় জোহর ইমিগ্রেশনের এনফোর্সমেন্ট ইউনিট অভিযানটি পরিচালনা করে। অভিযানের সময় কয়েকজন বিদেশি শ্রমিক পালানোর চেষ্টা করলেও সব প্রবেশ ও বহির্গমন পথ বন্ধ করে দেওয়ায় তারা ব্যর্থ হন।

এ ঘটনায় তদন্তের স্বার্থে কারখানাটির মানবসম্পদ বিভাগের দুইজন স্থানীয় পুরুষ কর্মীকেও আটক করা হয়েছে। আটক অভিবাসীদের মধ্যে ২৯৯ জন মিয়ানমারের নাগরিক, ২৬ জন বাংলাদেশি, ২২ জন ভারতীয়, তিনজন ইন্দোনেশীয়, দুইজন নেপালি এবং একজন করে পাকিস্তান ও ফিলিপাইনের নাগরিক রয়েছেন। তাদের বয়স ১৮ থেকে ৪৬ বছরের মধ্যে।

দাতুক মোহদ রুসদি জানান, কারখানাটিতে ইমিগ্রেশন আইন লঙ্ঘনের সুসংগঠিত কার্যক্রমের স্পষ্ট প্রমাণ পাওয়া গেছে, যার মধ্যে বিদেশি শ্রমিক নিয়োগ সংক্রান্ত বিধি ভঙ্গের বিষয়টিও রয়েছে। আটক ব্যক্তিদের ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩ ও ইমিগ্রেশন বিধিমালা ১৯৬৩ অনুযায়ী সন্দেহভাজন হিসেবে সেতিয়া ট্রপিকা ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে।

তিনি আরও বলেন, অবৈধ শ্রমিক নিয়োগের মাধ্যমে যারা আর্থিক লাভ করছে, তাদের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। জোহরজুড়ে ধারাবাহিক অভিযান চালিয়ে অবৈধ নিয়োগচক্র সম্পূর্ণভাবে ভেঙে দেওয়া হবে।

অন্যদিকে, নেগেরি সেম্বিলান রাজ্যের নিলাই এলাকায় একটি ইস্পাত কারখানায় পরিচালিত পৃথক অভিযানে আরও ৪৬ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে। এ অভিযানে আটক সবাই বাংলাদেশি নাগরিক।