ধর্ম
বাংলাদেশে আসছেন দেওবন্দের মোহতামিম মুফতি আবুল কাসেম নোমানী
উপমহাদেশের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাকেন্দ্র দারুল উলুম দেওবন্দের মুহতামিম ও শাইখুল হাদিস আল্লামা মুফতি আবুল কাসেম নোমানী তিন দিনের সফরে বাংলাদেশে আসছেন। আগামী ৪ আগস্ট (মঙ্গলবার) বিকেল ৪টার দিকে তিনি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন।
সফরকালে তিনি রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন কওমি মাদ্রাসায় আয়োজিত একাধিক ধর্মীয় অনুষ্ঠানে অংশ নেবেন। বাংলাদেশে তার সফর বাস্তবায়ন কমিটির সিনিয়র সদস্য ও খুলনা বিভাগীয় কওমি মাদ্রাসা পরিষদের মহাসচিব মাওলানা নাসীরুল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, সফরসূচির অংশ হিসেবে তিনি রাজধানীর নিউমালিবাগ মাদ্রাসা, বসুন্ধরা মাদ্রাসা এবং জামিয়া হোসাইনিয়া ইসলামিয়া আরজাবাদসহ বিভিন্ন প্রতিষ্ঠানের আয়োজিত অনুষ্ঠানে যোগ দেবেন। আগামী ৭ আগস্ট (শুক্রবার) তিনি ঢাকা ত্যাগ করে ভারতের দেওবন্দে ফিরে যাবেন।
আগামী ৫ আগস্ট (বুধবার) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত রাজধানীর ফার্মগেটের খামারবাড়িস্থ কেআইবি কমপ্লেক্সে মুআসসাসা ইলমিয়্যাহ বাংলাদেশের উদ্যোগে আয়োজিত ‘ইলমি সেমিনার’-এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তিনি। বিশিষ্ট মুহাদ্দিস মাওলানা আবদুল মতিন রচিত জামে তিরমিজির ব্যাখ্যাগ্রন্থ ‘কিফায়াতুল মুগতাযি’ প্রকাশ উপলক্ষে এই সেমিনার আয়োজন করা হয়েছে। সেমিনারের প্রতিপাদ্য বিষয় ‘হাদিস অনুসরণে সালাফের কর্মপন্থা: প্রসঙ্গ জামে তিরমিজি ও কিফায়াতুল মুগতাযি’।
একই দিন বিকেল ৩টায় রাজধানীর মিরপুরে জামিয়া হোসাইনিয়া ইসলামিয়া আরজাবাদে ‘আত্মশুদ্ধি ও আত্মগঠন’ শীর্ষক বিশেষ অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখবেন তিনি। এতে সভাপতিত্ব করবেন মাদ্রাসাটির মুহতামিম মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া। অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আলেম-ওলামা, শিক্ষক, শিক্ষার্থী ও মুসল্লিদের অংশ নেওয়ার কথা রয়েছে।
সফর প্রসঙ্গে মাওলানা নাসীরুল্লাহ বলেন, দেওবন্দের মুহতামিমের এই সফর দেশের দ্বীনি অঙ্গনের জন্য গুরুত্বপূর্ণ। ইতোমধ্যে বিভিন্ন প্রতিষ্ঠানে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে এবং তার দিকনির্দেশনা থেকে সবাই উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে।
উল্লেখ্য, আল্লামা মুফতি আবুল কাসেম নোমানী দারুল উলুম দেওবন্দের বর্তমান মুহতামিম ও শাইখুল হাদিস। ইসলামি শিক্ষা, হাদিসচর্চা ও দাওয়াহ কার্যক্রমে তার দীর্ঘ অবদানের কারণে তিনি ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে সুপরিচিত। তার এই সফরকে ঘিরে দেশের কওমি অঙ্গনে ইতোমধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে।