সারাদেশ

সনাতন ধর্মের সেই অসহায় তিন প্রতিবন্ধী ভাইয়ের দায়িত্ব নিলেন এমপি মাসুদ


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ০৪ জুন ২০২৬, ০৮:২২ পিএম

সনাতন ধর্মের সেই অসহায় তিন প্রতিবন্ধী ভাইয়ের দায়িত্ব নিলেন এমপি মাসুদ
ছবি: সংগৃহীত

পটুয়াখালীর বাউফলে মানবেতর জীবনযাপন করা সনাতন ধর্মাবলম্বী তিন প্রতিবন্ধী ভাইয়ের পাশে দাঁড়িয়েছেন সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ। তিনি নিজের এক মাসের সংসদ সদস্য ভাতা তাদের সহায়তায় প্রদান করার পাশাপাশি বসতঘর পুনর্নির্মাণ ও নিয়মিত খাদ্য সহায়তার উদ্যোগ নেওয়ার ঘোষণা দিয়েছেন।

বৃহস্পতিবার (৪ জুন) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি এ ঘোষণা দেন। ড. মাসুদ বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য এবং ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি হিসেবেও দায়িত্ব পালন করছেন।

তিনি জানান, পটুয়াখালী-২ (বাউফল) আসনের ধুলিয়া ইউনিয়নের চাদকাঠি গ্রামের প্রতিবন্ধী তিন ভাই—রিপন দাস, সাধু দাস ও নিধু দাসের পরিবারের জন্য তাৎক্ষণিকভাবে তার এক মাসের ভাতা দেওয়া হয়েছে। পাশাপাশি তাদের জন্য একটি নতুন বসতঘর নির্মাণ এবং নিয়মিত খাদ্য সহায়তা নিশ্চিত করার পদক্ষেপ নেওয়া হচ্ছে।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, গণমাধ্যমে তিন ভাইয়ের দুর্দশার খবর প্রকাশিত হওয়ার পর বিষয়টি তার নজরে আসে। এরপর স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও হিন্দু সম্প্রদায়ের নেতাদের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার উদ্যোগ গ্রহণ করা হয়।

তিনি আরও বলেন, স্বাধীনতার দীর্ঘ সময় পার হলেও দেশের সব নাগরিকের মৌলিক অধিকার এখনও পুরোপুরি নিশ্চিত হয়নি। খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা—এসব অধিকার রাষ্ট্রের পক্ষ থেকে শতভাগ নিশ্চিত করা প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন।

এ সময় তিনি সংবিধান সংস্কারের প্রসঙ্গ তুলে ধরে বলেন, নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী এ বিষয়ে উদ্যোগ নেওয়া হয়নি। সরকারের প্রতি সংবিধান সংস্কার পরিষদ গঠনের আহ্বান জানান তিনি।

এক প্রশ্নের জবাবে ড. মাসুদ বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ধর্মের ভিত্তিতে রাজনীতি করে না; বরং দলটি সব ধর্ম-বর্ণের মানুষের সমান অধিকার নিশ্চিত করতে কাজ করে। ভিন্ন ধর্মাবলম্বীদের নিরাপত্তা ও অধিকার রক্ষাও ইসলামের নির্দেশনা বলে তিনি উল্লেখ করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে চরম দারিদ্র্য ও শারীরিক প্রতিবন্ধকতার মধ্যে কষ্টে দিন কাটাচ্ছিলেন ওই তিন ভাই। বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর তাদের সহায়তায় এগিয়ে আসেন স্থানীয় সংসদ সদস্য।