সারাদেশ
পটুয়াখালীতে যৌনকর্মীর ঘরে প্রবেশের কিছুক্ষণ পর ব্যবসায়ীর মৃত্যু
পটুয়াখালী শহরের একটি যৌনপল্লীতে প্রবেশের কিছু সময়ের মধ্যেই রাসেল (৪৫) ওরফে কালা রাসেল নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। সোমবার (৩ আগস্ট) সন্ধ্যায় সদর রোডসংলগ্ন যৌনপল্লি এলাকার একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত রাসেলের বাড়ি পটুয়াখালী সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের বাদুরা গ্রামে। তিনি ওই গ্রামের রাজ্জাক হাওলাদারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল ৪টার দিকে রাসেল যৌনপল্লির মনু মিয়ার বাড়িতে নাজমা নামে এক নারীর কক্ষে প্রবেশ করেন। প্রায় আধা ঘণ্টা পর, বিকেল সাড়ে ৪টার দিকে তাকে কক্ষের ভেতরে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে পটুয়াখালী সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে মৃত অবস্থায় উদ্ধার করে।
পরে পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে এবং ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক নারী জানান, পাশের কক্ষ থেকে খবর পেয়ে তিনি জানতে পারেন, এক ব্যক্তি অসুস্থ হয়ে পড়েছেন। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে তারা এসে মরদেহ উদ্ধার করে।
স্থানীয়দের ধারণা, অতিরিক্ত যৌন উত্তেজক ওষুধ সেবনের কারণে ওই ব্যক্তির মৃত্যু হতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।
পটুয়াখালী সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান জানান, ঘটনার সঠিক কারণ উদঘাটনে তদন্ত চলছে।