সারাদেশ

আওয়ামী লীগ নেতাকে ছাড়িয়ে আনতে থানায় হাজির জামায়াত নেতা


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩১ পিএম

আওয়ামী লীগ নেতাকে ছাড়িয়ে আনতে থানায় হাজির জামায়াত নেতা
আওয়ামী লীগ নেতা মো. সেলিম। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের সীতাকুণ্ডে আওয়ামী লীগের এক নেতাকে আটক করার ঘটনা এলাকায় উত্তেজনা সৃষ্টি করেছে। স্থানীয় সূত্রে জানা যায়, আওয়ামী লীগের সাবেক সদস্য মো. সেলিমকে স্থানীয় নেতাকর্মীরা পুলিশে খবর দেওয়ার পর তাকে আটক করা হয়। তবে তাকে ছাড়িয়ে আনতে জামায়াতে ইসলামীর স্থানীয় নেতা অধ্যাপক জাহাঙ্গীর আলমসহ কিছু নেতাকর্মী থানায় হাজির হন। এ সময় ঘটনা ফেসবুকে লাইভ করা হয়।

ঘটনার সূত্রপাত ঘটে সীতাকুণ্ড পৌরসভার বাইপাস সড়কের পাশে কাতার টাওয়ারের বহুতল ভবনের ৮ম তলায় ছাদ ঢালাই কাজ চলাকালীন। রবিবার দুপুরে ছাদ ঢালাইয়ের কাজ উপলক্ষে আয়োজিত ভোজে আত্মীয়তার সুবাদে অংশ নেন মো. সেলিম। পরে কিছু রাজনৈতিক নেতাকর্মী তাকে আটক করে থানায় খবর দেন। পুলিশ আসার আগে সেলিম সরে যাওয়ার চেষ্টা করেন, এ সময় তিনি পড়ে গিয়ে আহত হন।

স্থানীয়দের অভিযোগ, সেলিমকে ছাড়ানোর জন্য থানায় জামায়াত নেতা অধ্যাপক জাহাঙ্গীর আলমসহ আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মী উপস্থিত হন। এ সময় রুবেল আনছারী নামে এক জামায়াত কর্মী তার ফেসবুক আইডি থেকে লাইভ সম্প্রচার করেন। পরে জামায়াত ও আওয়ামী লীগের নেতাকর্মীরা থানার বাইরে চলে যান।

অধ্যাপক জাহাঙ্গীর আলম বলেন, কাতার টাওয়ারে চলমান ছাদ ঢালাইয়ের কাজের জন্য স্থানীয় রুবেল আনছারী সরঞ্জাম সরবরাহ করতে চেয়েছিলেন। তাকে বাধা দেওয়ায় এই ঘটনা ঘটেছে। তিনি সেলিমের রাজনৈতিক পরিচয় সম্পর্কে কোনো ধারণা না থাকায় দাবি করেন।

তবে সীতাকুণ্ড মডেল থানার ওসি মুজিবুর রহমান ঘটনা সম্পর্কে বলেন, পুলিশ মো. সেলিমকে আটক করেছে, কারণ তিনি জুলাই আন্দোলনের সময় ছাত্রদের প্রতিহত করতে সংঘাতে জড়িত ছিলেন এবং তার বিরুদ্ধে মামলা রয়েছে। তিনি দাবি করেন, থানায় কাউকে তাকে ছাড়ানোর জন্য আসতে দেখা যায়নি এবং ফেসবুকে প্রকাশিত লাইভ তথ্যও সত্য নয়।