সারাদেশ
অটোরিকশা-মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষে বাসে আগুন, দগ্ধ হয়ে ৪ জনের মৃত্যু
কুমিল্লার দাউদকান্দিতে ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অটোরিকশা ও মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষের পর নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উল্টে যায় এবং সঙ্গে সঙ্গেই আগুন ধরে যায়। এতে অগ্নিদগ্ধ হয়ে অন্তত ৪ জন যাত্রী প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন আরও ১০ থেকে ১২ জন।
শুক্রবার (৯ জানুয়ারি) দুপুর পৌনে ১টার দিকে মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি উপজেলার বানিয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে দুজন শিশু, একজন নারী ও একজন পুরুষ। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
দাউদকান্দি হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইকবাল বাহার বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ বলছে, ত্রিমুখী সংঘর্ষেই অগ্নিকাণ্ডের সূত্রপাত। সংঘর্ষে যাত্রীবাহী বাসটিতে আগুন লেগে যায়। এটা মোটরসাইকেলের জ্বালানির ট্যাংকার থেকে হতে পারে। খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণ করে।