সারাদেশ
রাঙ্গামাটিতে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ খাদে, প্রাণ গেল ৪ জনের
রাঙামাটির সাপছড়ি ইউনিয়নের মানিকছড়ি এলাকায় সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুজন।
রোববার (১৬ আগস্ট) সকালে রাঙামাটি-খাগড়াছড়ি মহাসড়কের মানিকছড়ি সেনাক্যাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাঙামাটি শহর থেকে যাত্রী নিয়ে একটি পিকআপ কুতুকছড়ি বাজারের উদ্দেশ্যে যাচ্ছিল। পথে মানিকছড়ি সেনাক্যাম্পের সামনে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় পিকআপটি সড়ক থেকে ছিটকে পড়ে দুমড়েমুচড়ে যায়।
দুর্ঘটনার পর স্থানীয়দের সহায়তায় পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা আহত ও নিহতদের উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে যান।
রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. শওকত আকবর জানান, দুর্ঘটনার পর হাসপাতালে চারজনকে মৃত অবস্থায় আনা হয়। আহত দুজনের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে চট্টগ্রামে পাঠানো হয়েছে।
নিহতরা হলেন- মেঘরানী চাকমা (৪৫), শান্তনা চাকমা (৩৮), শোভা চাকমা (৫২) ও শান্তি রঞ্জন চাকমা (৬৫)।
আহতরা হলেন জ্ঞান বিকাশ চাকমা (৫০) ও সুমন চাকমা (৪৫)। তাদের আশঙ্কাজনক অবস্থায় রাঙামাটি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রাঙামাটি কোতোয়ালি থানার মানিকছড়ি পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক খোকন কান্তি রুদ্র দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আহতদের চিকিৎসায় তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছে। দুর্ঘটনাকবলিত পিকআপটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।