সারাদেশ

বরাদ্দ কক্ষে উইপোকা, রাতেই সার্কিট হাউস ছাড়লেন বিরোধীদলীয় উপনেতা


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৭ পিএম

বরাদ্দ কক্ষে উইপোকা, রাতেই সার্কিট হাউস ছাড়লেন বিরোধীদলীয় উপনেতা
ছবি: সংগৃহীত

কুমিল্লা সার্কিট হাউসে বরাদ্দ করা কক্ষে বিপুলসংখ্যক উইপোকা দেখতে পেয়ে মধ্যরাতেই সার্কিট হাউস ছেড়ে চলে গেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা ও কুমিল্লা-১১ আসনের সংসদ সদস্য সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের।

শুক্রবার দিবাগত রাত ১১টা ১৫ মিনিটের দিকে তিনি সার্কিট হাউস ত্যাগ করেন।

সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, রাত্রিযাপনের জন্য আবদুল্লাহ মোহাম্মদ তাহেরকে সার্কিট হাউসের ‘রাধাচূড়া-২০২’ কক্ষটি বরাদ্দ দেওয়া হয়েছিল। রাত ১০টার দিকে ওই কক্ষে বিশ্রাম নিতে গিয়ে তিনি কক্ষজুড়ে প্রচুর উইপোকা দেখতে পান।

বিশেষ করে আলমারির ভেতরে বালিশ ও কম্বল রাখার স্থানসহ কয়েকটি জায়গায় উইপোকার বাসা এবং বিপুলসংখ্যক উইপোকা দেখা যায়। বিষয়টি জানার পর তার সহকারী একান্ত সচিব সার্কিট হাউসের দায়িত্বপ্রাপ্ত কর্মচারীদের কক্ষ পরিবর্তনের ব্যবস্থা করতে বলেন। একই সঙ্গে নতুন কম্বল দেওয়ার অনুরোধও করা হয়।

তবে দ্রুত বিকল্প কক্ষের ব্যবস্থা না হওয়ায় একপর্যায়ে সার্কিট হাউস ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নেন বিরোধীদলীয় উপনেতা। পরে বিষয়টি কুমিল্লার নির্বাহী ম্যাজিস্ট্রেটকে খুদেবার্তার মাধ্যমে জানানো হয়। এরপরও দ্রুত বিকল্প কক্ষ বা আবাসনের ব্যবস্থা না হওয়ায় রাত ১১টা ১৫ মিনিটের দিকে তিনি সার্কিট হাউস ত্যাগ করেন।

এর আগে শুক্রবার রাত ৮টা ৪৫ মিনিটের দিকে ঢাকার উদ্দেশ্যে কুমিল্লা সার্কিট হাউসে পৌঁছান আবদুল্লাহ মোহাম্মদ তাহের। শনিবার সকাল ৭টায় ঢাকার শাপলা চত্বর থেকে ১১ দলীয় ঐক্যের লংমার্চ শুরু হওয়ার কথা রয়েছে। লংমার্চটি চট্টগ্রামের ঐতিহাসিক লালদীঘি ময়দানে গিয়ে শেষ হওয়ার পর চৌদ্দগ্রামে পথসভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বিরোধীদলীয় উপনেতার সহকারী একান্ত সচিব আরিফুর রহমানসহ সংশ্লিষ্টরা জানান, কক্ষের সমস্যার কথা জানানোর পরও তাৎক্ষণিকভাবে কক্ষ পরিবর্তনের ব্যবস্থা করা হয়নি। এ কারণে তিনি সার্কিট হাউস ছেড়ে চলে যান।

কুমিল্লা মহানগর জামায়াতের সেক্রেটারি মু. মাহবুবর রহমান বলেন, কুমিল্লা সার্কিট হাউসের মতো গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনায় এমন অব্যবস্থাপনা দুঃখজনক। একজন গুরুত্বপূর্ণ অতিথির কক্ষে সমস্যা দেখা দেওয়ার পরও দ্রুত বিকল্প কক্ষের ব্যবস্থা না হওয়া নিয়ে প্রশ্ন রয়েছে।

এ বিষয়ে কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাইফুল ইসলাম শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বলেন, রাতে সার্কিট হাউস থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেটকে ফোন করে বিরোধীদলীয় উপনেতার বরাদ্দ করা কক্ষে সমস্যার কথা জানানো হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট সার্কিট হাউসে কর্মরতদের কক্ষ পরিবর্তনের নির্দেশ দেন এবং সমস্যাযুক্ত কক্ষটি পরিষ্কার করার কথা বলেন।

তিনি আরও বলেন, ঘটনার পর সার্কিট হাউসের আবাসন ব্যবস্থাপনার সঙ্গে সংশ্লিষ্টদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তাদের জবাব পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। বিরোধীদলীয় উপনেতা সার্কিট হাউস ছেড়ে চলে যাওয়ার বিষয়টি তাদের জন্যও দুঃখজনক।