সারাদেশ

আওয়ামী লীগ সমর্থকের বাড়িতে ভূরিভোজ, ওসি প্রত্যাহার


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৯ পিএম

আওয়ামী লীগ সমর্থকের বাড়িতে ভূরিভোজ, ওসি প্রত্যাহার
ছবি: সংগৃহীত

নোয়াখালীর সেনবাগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সমর্থক এক ব্যবসায়ীর বাড়িতে আয়োজিত ভূরিভোজে অংশ নেওয়ার অভিযোগে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুর রহিম সরকারকে প্রত্যাহার করা হয়েছে।

শনিবার সন্ধ্যায় তাকে সেনবাগ থানা থেকে প্রত্যাহার করা হয়। বিষয়টি রোববার সকালে নিশ্চিত করেছেন নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার আহমেদ পেয়ার।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার বাতানিয়া গ্রামের আওয়ামী লীগ সমর্থক ও চট্টগ্রামের ব্যবসায়ী শাহজাহান খোকনের বাড়িতে আয়োজিত ভূরিভোজে ওসির অংশ নেওয়ার বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর বিষয়টি নিয়ে সমালোচনা শুরু হয়।

এর আগে শুক্রবার রাতে উপজেলার কাবিলপুর ইউনিয়নের বটতলা বাজার এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মিছিলের ঘটনায়ও ওসির ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে।

সেনবাগ থানার পরিদর্শক তদন্ত হযরত আলী মিলন বলেন, প্রত্যাহারের পর শনিবার সন্ধ্যায় ওসি আবদুর রহিম সরকার থানা থেকে চলে গেছেন। তবে কী কারণে তাকে প্রত্যাহার করা হয়েছে, তা তিনি জানেন না।

নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার আহমেদ পেয়ার বলেন, একজনের বাড়িতে গিয়ে দাওয়াত খাওয়ার ঘটনাকে কেন্দ্র করে ওসি আবদুর রহিম সরকারকে প্রত্যাহার করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দিতে বলা হয়েছে। তবে এখনো তদন্ত প্রতিবেদন পাওয়া যায়নি।