সারাদেশ
স্বামী পুলিশ, উপজেলায় প্রথম হয়েও প্রাথমিকের ভেরিফিকেশনে বাদ পড়লেন তামান্না
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫ এর লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হয়েছিলেন তামান্না। নিজ উপজেলা চাঁদপুরের মতলব দক্ষিণের মেধাতালিকায় প্রথম এবং পুরো জেলায় ১১তম স্থান অর্জন করেছিলেন তিনি। তবে দীর্ঘ আট মাস অপেক্ষার পরও শেষ পর্যন্ত নিয়োগপত্র পাননি।
তামান্নার দাবি, পুলিশ ও এনএসআইয়ের ভেরিফিকেশনে তাকে বাদ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার তার নামে কোনো নিয়োগপত্র ইস্যু করা হয়নি। তাকে রাজনৈতিক পরিচয়ের তকমা দিয়ে বাদ দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেছেন তিনি। তবে তামান্নার দাবি, তিনি কিংবা তার পরিবারের কেউ কখনো রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন না।
নিয়োগপত্র না পাওয়ার পর নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে ক্ষোভ প্রকাশ করেন তামান্না। সেখানে তিনি লেখেন, ‘জন্মই আমার আজন্ম পাপ! আমি এ রাষ্ট্রযন্ত্রকে ধিক্কার জানাই! এ যেনো কষ্ট করে পাওয়া চাকুরি টাকে ছিনিয়ে নেওয়া, এ যেনো মায়ের কোল থেকে একটা সন্তানকে ছিন্তাই করা!’
তামান্না জানান, প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫ এর লিখিত ও মৌখিক পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হয়ে তিনি চাঁদপুরের মতলব দক্ষিণের মেধাতালিকায় প্রথম এবং পুরো জেলায় ১১তম স্থান অর্জন করেন।
নিজের শিক্ষাগত যোগ্যতার কথা উল্লেখ করে তিনি জানান, হবিগঞ্জের বৃন্দাবন সরকারি কলেজের ইংরেজি বিভাগ থেকে স্নাতকে প্রথম শ্রেণি অর্জন করেন। একই সঙ্গে বিভাগে দ্বিতীয় হন। পরে নারায়ণগঞ্জের সরকারি তোলারাম কলেজ থেকে প্রথম শ্রেণিতে এবং বিভাগে প্রথম হয়ে স্নাতকোত্তর সম্পন্ন করেন।
তামান্নার অভিযোগ, সব ধাপ সফলভাবে শেষ করে দীর্ঘ আট মাস অপেক্ষা করার পর পুলিশ ও এনএসআইয়ের ভেরিফিকেশনে তাকে বাদ দেওয়া হয়েছে। তিনি বলেন, তাকে রাজনৈতিক পরিচয়ের তকমা দেওয়া হলেও তার নিজের কিংবা পরিবারের কারও কোনো রাজনৈতিক সম্পৃক্ততা ছিল না।
এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে তামান্না বলেন, যে দেশে মেধার মূল্যায়ন হয় না, তিনি সেই দেশের মেধাবীদের ভবিষ্যৎ নিয়েও হতাশ।