সারাদেশ
ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত-আহত ১৭ পরিবার পেল ৭৭ লাখ টাকা ক্ষতিপূরণ
ব্রাহ্মণবাড়িয়ায় বিভিন্ন সময়ে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ১৭ জনের পরিবারের মধ্যে ৭৭ লাখ টাকার ক্ষতিপূরণের চেক বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ক্ষতিগ্রস্তদের হাতে এসব চেক তুলে দেন জেলা প্রশাসক মো. আবুসাঈদ।
জেলা প্রশাসন ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সড়ক দুর্ঘটনায় নিহত ১৪ জনের পরিবারকে পাঁচ লাখ টাকা করে মোট ৭০ লাখ টাকা দেওয়া হয়। এছাড়া গুরুতর আহত দুজনকে তিন লাখ টাকা করে এবং অপর একজন আহত ব্যক্তিকে এক লাখ টাকা ক্ষতিপূরণের চেক দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এহসান মুরাদ, জেলা বিআরটিএর সহকারী পরিচালক মো. ফারুক আলমসহ জেলা প্রশাসন ও বিআরটিএর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ক্ষতিপূরণের চেক পাওয়া আবু সাত্তার জানান, প্রায় সাড়ে সাত মাস আগে মোটরসাইকেলে করে জেলা সদর থেকে নবীনগরে যাওয়ার পথে নবীনগর-রাধিকা সড়কে একটি ট্রাক্টরের সঙ্গে তার দুর্ঘটনা ঘটে। এতে তার ডান পা ভেঙে যায়। দীর্ঘদিন চিকিৎসা নেওয়ার পর তিনি ক্ষতিপূরণের জন্য বিআরটিএতে আবেদন করেন। পরে কোনো ধরনের হয়রানি ছাড়াই তিনি তিন লাখ টাকার ক্ষতিপূরণের চেক পেয়েছেন বলে জানান।
অন্যদিকে, সড়ক দুর্ঘটনায় নিহত খাইরুলের বাবা ছাদেক মিয়া বলেন, সড়ক পার হওয়ার সময় দুর্ঘটনায় গুরুতর আহত হয় তার ছেলে। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ছেলেকে হারানোর শোক কোনোভাবেই পূরণ হওয়ার নয়। তবে ক্ষতিপূরণ হিসেবে পাওয়া পাঁচ লাখ টাকা পরিবারের প্রয়োজন মেটাতে কিছুটা সহায়তা করবে বলে জানান তিনি।
জেলা বিআরটিএর সহকারী পরিচালক মো. ফারুক আলম বলেন, সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ব্যক্তিরা সরকারি নিয়ম অনুযায়ী ক্ষতিপূরণের জন্য আবেদন করতে পারেন। আবেদন পাওয়ার পর প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে বিআরটিএর ট্রাস্টি বোর্ডের অনুমোদনক্রমে ক্ষতিপূরণের অর্থ প্রদান করা হয়।
তিনি জানান, ব্রাহ্মণবাড়িয়ায় এবার জেলা প্রশাসনের মাধ্যমে ১৭টি চেকের বিপরীতে মোট ৭৭ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। সড়ক দুর্ঘটনায় নিহত বা আহত ব্যক্তিদের ক্ষতিপূরণের আবেদন করার জন্য হাইওয়ে থানা, বিভিন্ন থানা এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আবেদন ফরম পাওয়া যাচ্ছে।
এ সময় তিনি দুর্ঘটনায় নিহত ও আহত ব্যক্তিদের পরিবারের সদস্যদের ক্ষতিপূরণের জন্য বিআরটিএতে আবেদন করার আহ্বান জানান। পাশাপাশি আবেদন যাচাই-বাছাই বা ক্ষতিপূরণের অর্থ পেতে কোনো দালাল বা প্রতারক চক্রের মাধ্যমে আর্থিক লেনদেন না করার জন্য সতর্ক করেন। তিনি বলেন, ক্ষতিপূরণের আবেদন প্রক্রিয়ায় কোনো দালালকে আর্থিক সুবিধা দেওয়ার প্রয়োজন নেই।