সারাদেশ

বিএনপি নেতার গলায় মালা পরানো সেই ওসিকে গোপালগঞ্জে বদলি


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ১৮ জুলাই ২০২৫, ০৯:১৪ এএম

বিএনপি নেতার গলায় মালা পরানো সেই ওসিকে গোপালগঞ্জে বদলি
বিএনপি নেতার গলায় মালা পরানো সেই ওসিকে গোপালগঞ্জে বদলি। ছবি: সংগৃহীত

শরীয়তপুরে বিএনপি নেতার গলায় ফুলের মালা পরিয়ে দেওয়ার ঘটনায় আলোচিত পুলিশ কর্মকর্তা সুরুজ উদ্দিন আহম্মেদকে নড়িয়া থানা থেকে সরিয়ে গোপালগঞ্জ জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। বুধবার (১৬ জুলাই) তাকে এই বদলির আদেশ দেওয়া হয়।

নড়িয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ড. আশিক মাহমুদ বিষয়টি নিশ্চিত করে বলেন, “একজন পুলিশ সদস্যের এ ধরনের কাজ করার সুযোগ নেই। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।”

ঘটনার পেছনের প্রেক্ষাপট অনুযায়ী, শরীয়তপুরের নড়িয়া উপজেলা বিএনপির সহসভাপতি মাসুদুর রহমান রিপনের গলায় ফুলের মালা পরিয়ে দেন ওসি (তদন্ত) সুরুজ উদ্দিন আহম্মেদ। সেই মুহূর্তের একটি ছবি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। এরপর থেকেই পুলিশ বাহিনীর নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠতে থাকে জনমনে।

প্রসঙ্গত, এর আগেও বিতর্কিত কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন সুরুজ উদ্দিন আহম্মেদ। ২০২৩ সালে পদ্মা সেতু দক্ষিণ থানায় কর্মরত অবস্থায় এক ব্যবসায়ীর কাছ থেকে জোরপূর্বক ৭২ লাখ টাকা আদায়ের অভিযোগে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল। পরবর্তীতে তাকে পুনরায় দায়িত্ব দেওয়া হয় নড়িয়া থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) হিসেবে।