সারাদেশ
৩০০ কিলোমিটার পাড়ি দিয়ে প্রেমিকার বাড়িতে গিয়ে যুবকের আত্মহত্যা
টিকটকে পরিচয়, তারপর প্রেম—সবকিছুই যেন স্বপ্নের মতোই চলছিল তাদের। কিন্তু মাত্র তিন মাস পর সেই সম্পর্ক শেষ হয় বিষাদে। প্রেমিকার অন্যত্র বিয়ের খবরে ঠাকুরগাঁও থেকে প্রায় ৩০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে সিরাজগঞ্জে এসে বিষপান করে আত্মহত্যা করেন তরুণ গোলাম ফেরদৌস দুর্লভ (২৪)।
ঘটনাটি ঘটেছে গত সোমবার (৪ আগস্ট) সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার চৌবাড়ি এলাকায়। হাসপাতালে ভর্তি করার পর রাতেই শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান দুর্লভ।
জানা গেছে, দুর্লভের বাড়ি ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার লাইরিহাট পাতিলভাসা গ্রামে। তিনি একটি কলেজের স্নাতক পর্যায়ের শিক্ষার্থী ছিলেন। মোবাইল ফোনে টিকটকের মাধ্যমে সিরাজগঞ্জের এক কলেজছাত্রী (অনার্সে অধ্যয়নরত) সঙ্গে তার পরিচয় হয়। ধীরে ধীরে তা রূপ নেয় প্রেমে।
তবে হঠাৎই মেয়েটির পরিবার তার অন্যত্র বিয়ের সিদ্ধান্ত নেয়। এ খবর জানতে পেরে মানসিকভাবে ভেঙে পড়েন দুর্লভ। একপর্যায়ে কোনো কিছু না জানিয়ে একাই সিরাজগঞ্জে চলে আসেন এবং মেয়েটির বাড়িতে গিয়ে বিষপান করেন।
গুরুতর অবস্থায় তাকে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে তিনি মারা যান। পরদিন (মঙ্গলবার) ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
তরুণের পরিবার জানায়, তারা পুরো বিষয়টি মেনে নিতে পারছেন না। এখনও থানায় কোনো অভিযোগ দায়ের করেননি। তবে পরিস্থিতি পর্যালোচনা করছেন।
সিরাজগঞ্জ সদর থানার ওসি মো. মোখলেছুর রহমান জানান, প্রাথমিকভাবে এটি অপমৃত্যু (আত্মহত্যা) হিসেবে মামলা রেকর্ড হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরিবার চাইলে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ আনতে পারবেন। কামারখন্দ থানার ওসি আব্দুর রউফও তরুণের আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে মেয়েটির পরিবার ঘটনার পরপরই এলাকা ছেড়ে পালিয়ে যায়। পরে পুলিশের সহায়তায় তরুণের পরিবারের সদস্যরা মেয়েটি ও তার পরিবারের সঙ্গে কথা বলেন। এসময় মেয়েটি পুলিশের সামনে জানায়, তার বিয়ের সিদ্ধান্ত তার বাবা-মায়ের ছিল।