সারাদেশ

বন্ধুর সঙ্গে মোটরসাইকেলে ঘুরতে গিয়ে চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল তরুণীর


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৫, ০৫:২৭ পিএম

বন্ধুর সঙ্গে মোটরসাইকেলে ঘুরতে গিয়ে চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল তরুণীর
নিহত সুমাইয়া। ছবি: সংগৃহীত

রাজবাড়ীর গোয়ালন্দে বন্ধুর মোটরসাইকেলে ঘুরতে গিয়ে ওড়না চাকায় পেঁচিয়ে সুমাইয়া (১৮) নামে এক তরুণীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (৩ নভেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার জমিদার ব্রিজ এলাকায় ঢাকা–খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়দের বরাতে জানা গেছে, সুমাইয়া তার বন্ধু মো. সজিব প্রামাণিকের মোটরসাইকেলে চড়ে ঘুরতে বের হন। মোটরসাইকেলটি দ্রুতগতিতে চলার সময় হঠাৎ পেছনের চাকায় সুমাইয়ার ওড়না পেঁচিয়ে যায়। এতে তিনি ভারসাম্য হারিয়ে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর অবস্থার অবনতি হলে দ্রুত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। রাতে চিকিৎসাধীন অবস্থায় অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের বড় বোন বাদী হয়ে আহলাদিপুর হাইওয়ে থানায় সজিব প্রামাণিকের বিরুদ্ধে সড়ক পরিবহন আইন ২০১৮-এর ৯৮/১০৫ ধারায় মামলা দায়ের করেছেন। অভিযোগে বলা হয়েছে, সজিব বেপরোয়া ও অবহেলাপূর্ণভাবে মোটরসাইকেল চালিয়ে সুমাইয়ার মৃত্যু ঘটিয়েছেন।

আহলাদিপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম শেখ বলেন, “মামলা দায়েরের পরপরই অভিযুক্ত সজিব প্রামাণিককে ফরিদপুর থেকে মোটরসাইকেলসহ গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার সকালে তাকে রাজবাড়ীর আদালতে পাঠানো হয়েছে।”