সারাদেশ
জেলে আইভীকে গান শোনাতেন মমতাজ, একটি গান গাইতে বারণ করেছিলেন নিজেই
জেলজীবনে সংগীতশিল্পী ও সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমের গানে সময় কাটত নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর। তবে একটি নির্দিষ্ট গান গাইতে তিনি মমতাজকে অনুরোধ করে নিষেধ করেছিলেন সম্প্রতি জামিনে মুক্তির পর এমন অভিজ্ঞতার কথা জানান আইভী।
বৃহস্পতিবার দুপুরে নিজের বাসায় স্কুলজীবনের বন্ধুদের সঙ্গে আড্ডায় তিনি বলেন, কারাগারে অবসর সময় পেলেই গানের আসর বসত, আর সেখানে মূল শিল্পী ছিলেন মমতাজ বেগম। তবে ‘আমার ভাইয়েরে কইও নাইওর আনতো গিয়া’ এই গানের লাইন শুনলে সদ্য প্রয়াত ছোট ভাই আহমদ আলী রেজা রিপনের কথা মনে পড়ে যেত। তাই তিনি মমতাজকে এই গানটি না গাওয়ার অনুরোধ করেন।
আইভী জানান, তিনি মমতাজকে বলেছিলেন, জেল থেকে মুক্তি পাওয়ার দিন এই গান গাইলে সমস্যা নেই, কারণ তখন তিনি পরিবারের সঙ্গে থেকে নিজের কষ্ট ভাগাভাগি করতে পারবেন। তবে কাকতালীয়ভাবে মুক্তির দিন বিকেলেই গানের আসরে মমতাজ ওই গানটি গেয়েছিলেন, যদিও তখনও আইভী জানতেন না যে তিনি সেদিনই মুক্তি পাচ্ছেন।
তিনি আরও জানান, কারাগারে থাকাকালে একটি কবিতাও লিখেছিলেন, যেটিতে সুর দিয়ে গান তৈরি করেছেন মমতাজ বেগম। মুক্তির পর সেটি জনসমক্ষে গাওয়ার ইচ্ছার কথাও জানিয়েছেন এই শিল্পী।
বুধবার রাত সাড়ে ১২টার দিকে জামিনে মুক্ত হয়ে নিজ বাসায় ফেরেন আইভী। এরপর থেকেই আত্মীয়স্বজন, শুভানুধ্যায়ীদের ভিড় ও ফোনালাপে ব্যস্ত সময় পার করছেন তিনি। ছোট ভাইয়ের মৃত্যুর স্মৃতি তুলে ধরতে গিয়ে একাধিকবার আবেগাপ্লুত হয়ে পড়েন।
উল্লেখ্য, গত বছরের ৯ মে ভোরে নিজ বাসা থেকে আইভীকে গ্রেপ্তার করা হয়। বিভিন্ন অভিযোগে দায়ের করা একাধিক মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছিল। পরে আদালতের নির্দেশে জামিন পেয়ে তিনি মুক্তি পান।
এদিকে তার বাসার আশপাশে নিরাপত্তা জোরদারে সিসি ক্যামেরা স্থাপন করেছে পুলিশ। জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এটি শুধু তার বাড়ি নয়, বরং এলাকায় কিশোর গ্যাংয়ের তৎপরতা নিয়ন্ত্রণের অংশ হিসেবে বসানো হয়েছে।