সারাদেশ

ফরিদপুরের ভাঙ্গায় বাসচাপায় ৫ জন নিহত, ৬ গাড়িতে আগুন


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ১১ জুলাই ২০২৬, ০৯:১০ পিএম

ফরিদপুরের ভাঙ্গায় বাসচাপায় ৫ জন নিহত, ৬ গাড়িতে আগুন
ছবি: সংগৃহীত

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ঢাকা-খুলনা মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত পাঁচজন নিহত এবং কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। শনিবার (১১ জুলাই) সন্ধ্যায় শুয়াদি এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ডিমবোঝাই একটি যানবাহন নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন উদ্ধারকাজে এগিয়ে আসেন।

এরই মধ্যে সন্ধ্যা পৌনে ৭টার দিকে ঢাকা থেকে খুলনাগামী একটি যাত্রীবাহী বাস উদ্ধারকাজে অংশ নেওয়া মানুষের ভিড়ের ওপর উঠে যায়। এতে ঘটনাস্থলেই অন্তত পাঁচজন নিহত হন এবং আরও অন্তত ২০ জন আহত হন।

গুরুতর আহত চারজনকে আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া অন্যান্য আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

দুর্ঘটনার পর ক্ষুব্ধ এলাকাবাসী ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে এবং কয়েকটি যানবাহনে আগুন ধরিয়ে দেয়। এতে মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে পড়ে।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হেলালউদ্দিন জানান, নিহতের বিষয়টি নিশ্চিত করা হয়েছে এবং দুর্ঘটনার কারণ উদ্ঘাটনসহ পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের কার্যক্রম চলমান রয়েছে।