সারাদেশ

নরসিংদীতে সহপাঠীকে নদীতে ডুবতে দেখে বাঁচানোর চেষ্টা, একসঙ্গে ৪ শিশুর মৃত্যু


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ০৫:১২ পিএম

নরসিংদীতে সহপাঠীকে নদীতে ডুবতে দেখে বাঁচানোর চেষ্টা, একসঙ্গে ৪ শিশুর মৃত্যু
ছবি: সংগৃহীত

নরসিংদীর রায়পুরা উপজেলায় নদীতে গোসল করতে নেমে এক সহপাঠীকে বাঁচাতে গিয়ে চার শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে উপজেলার চান্দেরকান্দী ইউনিয়নের বড়কান্দা এলাকার কাকন নদীতে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো- বড়কান্দা গ্রামের শামীম মিয়ার মেয়ে তাবিয়া (১৩), একই এলাকার রুবেল মিয়ার মেয়ে জান্নাত ইসলাম (৮), আশেয়া (৯) এবং বিল্লাল মিয়ার মেয়ে সুমাইয়া (১০)। তারা সবাই স্থানীয় গাউছিয়া নূরে মদিনা মহিলা মাদ্রাসার শিক্ষার্থী।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে মাদ্রাসা থেকে ৬-৭ জন শিশু শিক্ষার্থী কাকন নদীতে গোসল করতে যায়। এ সময় তাদের মধ্যে একজন পানিতে তলিয়ে গেলে তাকে বাঁচানোর চেষ্টা করে অন্যরা। একপর্যায়ে সবাই স্রোতে তলিয়ে যায়।

পরে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে এসে চারজনকে উদ্ধার করে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। নদী থেকে আরও দুই শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে।

রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আশরাফুর রহমান জানান, বেলা ১টার দিকে তিন শিশুকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। তাদের কারও শ্বাস-প্রশ্বাস বা হৃদস্পন্দন ছিল না। অপর এক শিশুর মরদেহ তার বাড়িতে রয়েছে বলেও জানা গেছে।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মজিবুর রহমান বলেন, পানিতে ডুবে চার শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে এবং তাদের পরিচয় শনাক্ত করা হয়েছে। জীবিত উদ্ধার হওয়া দুই শিশুও বর্তমানে নিরাপদে রয়েছে। পরিবারের সঙ্গে আলোচনা করে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।