সারাদেশ
৯ দিন মৃত্যুর সঙ্গে লড়াই শেষে পলাশে গুলিবিদ্ধ সেই ছাত্রদল নেতার মৃত্যু
নরসিংদীর পলাশে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় গুলিবিদ্ধ ছাত্রদল নেতা ইব্রাহিম আল মাসুম মারা গেছেন। ঢাকার একটি বেসরকারি হাসপাতালে টানা ৯ দিন চিকিৎসাধীন থাকার পর সোমবার (১০ আগস্ট) সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
নিহত মাসুম ডাঙ্গা ইউনিয়নের হাসনহাটা গ্রামের মমিন হাজীর ছেলে এবং ডাঙ্গা ইউনিয়ন ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক ছিলেন।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, গত ১ আগস্ট রাতে ডাঙ্গার হাসনহাটা গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে পূর্ব বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। ওই সময় ফকির বাড়ি এলাকায় একটি মুদি দোকানে অবস্থান করছিলেন মাসুম, মামুন, জয়নাল আবেদীনসহ কয়েকজন। এ সময় প্রতিপক্ষের বিজয়, সবুজ, ইকবাল ও সানি দলবলসহ আগ্নেয়াস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়।
হামলার একপর্যায়ে গুলিতে পেটে গুরুতর আহত হন মাসুম। তাকে রক্ষা করতে গেলে স্বেচ্ছাসেবক দলের সভাপতি মামুন আহমেদ, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীনসহ অন্তত ১০ জন এলোপাতাড়ি কোপে আহত হন। পরে আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। গুরুতর অবস্থায় মাসুমকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়, যেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এদিকে মাসুমের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা দেখা দেয় এবং স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহেদ আল মামুন জানান, এ ঘটনায় মাসুমের বোনজামাতা বাদী হয়ে ৩৭ জনের নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের করেছেন। জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।
তিনি আরও বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় পুলিশ তৎপর রয়েছে।