সারাদেশ

ফরিদপুরে তিন কার্টনে মিলল অজ্ঞাত ব্যক্তির ৬ টুকরো মরদেহ


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৯ পিএম

ফরিদপুরে তিন কার্টনে মিলল অজ্ঞাত ব্যক্তির ৬ টুকরো মরদেহ
ছবি: সংগৃহীত

ফরিদপুরের মধুখালীতে তিনটি কার্টনের ভেতর থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির ছয় টুকরো মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তি পুরুষ এবং তার বয়স আনুমানিক ৪০ থেকে ৫০ বছর বলে ধারণা করছে পুলিশ।

শনিবার ১২ সেপ্টেম্বর দুপুর ১টার দিকে ঢাকা খুলনা মহাসড়কের মধুখালী উপজেলার রায়পুর ইউনিয়নের বোয়ালিয়া বাসস্ট্যান্ড থেকে প্রায় ১৫০ মিটার দূরে একটি কাঁচা রাস্তার ঢাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শনিবার সকাল ১০টার দিকে ওই এলাকায় তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা পাশাপাশি পৃথক তিনটি স্থানে তিনটি কার্টন দেখতে পান। বিষয়টি পুলিশকে জানানো হলে ঘটনাস্থলে গিয়ে কার্টনগুলো উদ্ধার করা হয়। পরে কার্টনের ভেতরে বস্তাবন্দী অবস্থায় খণ্ডিত মরদেহ পাওয়া যায়।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, মরদেহটি ছয়টি অংশে খণ্ডিত করা হয়েছে। এর মধ্যে মাথা থেকে বুক পর্যন্ত একটি অংশ, বুক থেকে কোমর পর্যন্ত একটি অংশ এবং দুই পায়ের চারটি খণ্ডিত অংশ রয়েছে। এ ছাড়া দুই হাতের আঙুল কেটে ফেলা হয়েছে এবং মাথার অংশের চামড়া তুলে নেওয়া হয়েছে।

খবর পেয়ে ঘটনাস্থলে যান মধুখালী সার্কেলের সহকারী পুলিশ সুপার এস এম মাসুদুজ্জামান, পুলিশের অপরাধস্থল শনাক্তকারী ইউনিটসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

সহকারী পুলিশ সুপার এস এম মাসুদুজ্জামান জানান, মরদেহটি তিনটি কার্টনে প্যাকেট করা এবং অর্ধগলিত অবস্থায় ছিল। ধারণা করা হচ্ছে, অন্য কোনো স্থানে ওই ব্যক্তিকে হত্যা করে গাড়িতে করে এখানে এনে ফেলে রাখা হয়েছে।

তিনি আরও জানান, নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। নৃশংস এই হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটনে পুলিশের একাধিক দল কাজ শুরু করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।