সারাদেশ
ধামরাইয়ে সিএনজি ও পিকআপের মুখোমুখি সংঘর্ষ, নারী-শিশুসহ নিহত ৩
ঢাকার ধামরাইয়ে সিএনজিচালিত অটোরিকশা ও অজ্ঞাতনামা পিকআপের মুখোমুখি সংঘর্ষে নারী ও শিশুসহ তিনজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন নারী, একজন শিশু ও সিএনজিচালক রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার আমতা ইউনিয়নের নান্দেশ্বরী বটতলা টাইগার ব্রিকস সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- আখি (৩০), মো. জাকারিয়া (১২) ও সিএনজিচালক জুয়েল (৪০)। তাদের পূর্ণাঙ্গ ঠিকানা এখনো জানা যায়নি।
দুর্ঘটনায় আহত লাকী আক্তার (৩২), আবুল হোসেন (৬৫) ও সেলিম (৩৫)কে উদ্ধার করে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
পুলিশ জানায়, বিকেলে নান্দেশ্বরী বটতলা টাইগার ব্রিজসংলগ্ন পাকা সড়কে সিএনজিচালিত অটোরিকশা ও অজ্ঞাতনামা পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিচালকসহ কয়েকজন গুরুতর আহত হন। পরে আহতদের সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনজনের মৃত্যু হয়।
ধামরাই থানার কাওয়ালিপাড়া পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইলিয়াস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সিএনজি ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। মরদেহ হাসপাতালে রয়েছে। নিহতদের মধ্যে সিএনজিচালক ও দুইজন যাত্রী ছিলেন।