সারাদেশ

বিরোধীরা আওয়ামী লীগের সুরেই কথা বলছে: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী


নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৩ পিএম

বিরোধীরা আওয়ামী লীগের সুরেই কথা বলছে: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী
বিরোধীরা আওয়ামী লীগের সুরেই কথা বলছে: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী। ছবি: ঢাকাপ্রকাশ

বিরোধী দল লং মার্চ করে দ্রুত সরকার পতনের হুমকি দিচ্ছে এবং তাদের বক্তব্যে আওয়ামী লীগের পুরোনো রাজনৈতিক সুরের প্রতিফলন রয়েছে বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান।

রোববার দুপুরে টাঙ্গাইলের বাসাইল উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত প্রতিবাদ সমাবেশ ও মিছিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

আহমেদ আযম খান বলেন, বিরোধী দল লং মার্চ করছে এবং বলছে, এই মুহূর্তে সরকারের পতন ঘটাবে। আবার দ্রুত এক দফার ঘোষণা দেওয়ার কথাও বলা হচ্ছে। কিন্তু কিসের এক দফা, কিসের সরকার পতন, সেই প্রশ্নও তোলেন তিনি। তার দাবি, আওয়ামী লীগের সুরেই এখন বিরোধী দল কথা বলছে।

মন্ত্রী আরও বলেন, গত সাত মাসে বিএনপির কোনো সংসদ সদস্য সরকারের কোনো মন্ত্রী বা সংসদ সদস্যের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনতে পারেননি। তাহলে কেন এমন উশৃঙ্খল আন্দোলন করা হচ্ছে, সেই প্রশ্নও তোলেন তিনি।

দেশে বর্তমানে গণতান্ত্রিক পরিবেশ রয়েছে দাবি করে আহমেদ আযম খান বলেন, গত সাত মাসে কোনো গুম হয়নি, কোনো রাজনৈতিক কর্মীকে গ্রেফতার করা হয়নি এবং অত্যাচারের ঘটনাও ঘটেনি।

বিরোধী দলের প্রতি গঠনমূলক রাজনীতির আহ্বান জানিয়ে তিনি বলেন, জনগণের ভোটে গঠিত জাতীয় সংসদে বিরোধী দলের সব কথা বলা উচিত। সব আন্দোলন, আলোচনা, সমস্যা ও ভুলত্রুটি নিয়ে আলোচনা করার কেন্দ্রবিন্দু জাতীয় সংসদ হওয়া উচিত। এর মাধ্যমে সংসদীয় রাজনীতি আরও শক্তিশালী হবে।

মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী বলেন, সরকার বাংলাদেশকে একটি গণতান্ত্রিক ও সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলতে কাজ করছে। বিরোধী দলের প্রতি তিনি বিরোধিতার খাতিরে বিরোধিতা এবং জ্বালাও পোড়াওয়ের রাজনীতি পরিহার করে নতুন বাংলাদেশে নতুন রাজনীতি করার আহ্বান জানান।

আহমেদ আযম খান আরও বলেন, বিরোধী দল যেসব আসন পেয়েছে, সেগুলো ধরে রাখার চেষ্টা করা উচিত। অযথা লং মার্চ, এক দফার আন্দোলন ও উসকানিমূলক বক্তব্য অব্যাহত রাখলে আগামী দিনে জনগণ তাদের পাওয়া আসনগুলোও নাও দিতে পারে বলে মন্তব্য করেন তিনি।

বাসাইল উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে সমাবেশে টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, সাবেক যুগ্ম সম্পাদক আবুল কাশেম মিয়া, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নূর নবী আবু হায়াত খান নবুসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বিরোধী দলের লং মার্চ ও সরকারবিরোধী বক্তব্য নিয়ে সরকারের বিভিন্ন মন্ত্রী ও ক্ষমতাসীন দলের নেতারা সাম্প্রতিক সময়ে একাধিক মন্তব্য করেছেন।