সারাদেশ

বহিষ্কারের পর পুনর্বহাল, আবারও যুবদলের দুই নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:১২ পিএম

বহিষ্কারের পর পুনর্বহাল, আবারও যুবদলের দুই নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ
ছবি: সংগৃহীত

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কারের পর পুনর্বহাল হওয়া গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার বান্ধাবাড়ী ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক সুজন মোল্লার বিরুদ্ধে আবারও নানা অনিয়মের অভিযোগ উঠেছে। তার সঙ্গে একই অভিযোগে নাম এসেছে ইউনিয়ন যুবদলের প্রস্তাবিত দপ্তর সম্পাদক নাজমুল মোল্লার।

এই দুই নেতার বিরুদ্ধে সরকারি খালে অবৈধভাবে বাঁধ নির্মাণ এবং গোয়েন্দা পুলিশের পরিচয় দিয়ে এক যুবককে প্রায় পাঁচ ঘণ্টা আটকে রেখে টাকা আদায়ের অভিযোগ উঠেছে। এসব ঘটনায় স্থানীয় যুবদলের নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ ও অস্বস্তি দেখা দিলেও এখন পর্যন্ত তাদের বিরুদ্ধে কোনো সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়নি।

স্থানীয় যুবদলের একাধিক সূত্র জানায়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি সুজন মোল্লাকে বান্ধাবাড়ী ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক পদ থেকে বহিষ্কার করা হয়। পরে ৪ এপ্রিল তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাকে পুনর্বহাল করা হয়। স্থানীয় নেতাকর্মীদের অভিযোগ, পুনর্বহালের পর তিনি আবারও দলীয় প্রভাব ব্যবহার করে বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন।

সম্প্রতি বান্ধাবাড়ী ইউনিয়নের তুলাতলা এলাকায় একটি সরকারি খালে বাঁধ নির্মাণের অভিযোগ ওঠে সুজন মোল্লা ও নাজমুল মোল্লার বিরুদ্ধে। স্থানীয় ছরোয়ার হোসেন মোল্লা বলেন, সুজন মোল্লা, নাজমুল মোল্লা ও জালাল মোল্লা সরকারি হালটে বাঁধ দিয়ে মাছ চাষের জন্য পাইলিং করেছেন।

খালে বাঁধ নির্মাণের বিষয়টি স্বীকার করে সুজন মোল্লা বলেন, খালের সঙ্গে তাদের প্রায় ২০ বিঘা জমি রয়েছে। জমিগুলো পতিত পড়ে থাকে এবং খালটিও পরিত্যক্ত অবস্থায় রয়েছে। তাই বাঁধ দিয়ে পুরো জায়গায় মাছ চাষের পরিকল্পনা করা হয়েছিল। তবে সরকারি জায়গা এভাবে আটকানো ঠিক হয়নি বলেও স্বীকার করেন তিনি।

অন্যদিকে রিফাত বিশ্বাস নামে এক যুবককে গোয়েন্দা পুলিশ পরিচয়ে আটকে রেখে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে সুজন মোল্লা ও নাজমুল মোল্লার বিরুদ্ধে।

বান্ধাবাড়ী ইউনিয়ন যুবদলের কয়েকজন নেতার দাবি, রিফাতকে প্রায় পাঁচ ঘণ্টা আটকে রেখে তার কাছ থেকে ১০ হাজার টাকা নেওয়া হয়। পরে তার পরিবারের কাছে ৫ হাজার টাকা ফেরত দেওয়া হয়।

ঘটনার মধ্যস্থতাকারী বাচ্চু হাওলাদার জানান, রাত ১০টার দিকে রিফাতের বাবা তাকে জানান, তার ছেলেকে গোয়েন্দা পুলিশ আটক করেছে। ঘটনাস্থলে গিয়ে তিনি কোনো গোয়েন্দা পুলিশ দেখতে পাননি। বরং সুজন মোল্লাসহ কয়েকজনকে রিফাতকে আটকে রাখতে দেখেন। পরে ১০ হাজার টাকার বিনিময়ে রিফাতকে ছাড়িয়ে নেওয়া হয়। বিষয়টি এলাকায় জানাজানি হওয়ার পর ওই টাকা রিফাতের পরিবারের কাছে ফেরত দেওয়া হয়।

তবে গোয়েন্দা পুলিশ পরিচয় দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন সুজন মোল্লা ও নাজমুল মোল্লা। তাদের দাবি, মাদকসহ রিফাতকে আটক করা হয়েছিল। পরে স্থানীয়দের নিয়ে বিষয়টি মীমাংসা করে তাকে ছেড়ে দেওয়া হয়।

এসব ঘটনায় স্থানীয় যুবদলের নেতাকর্মীদের মধ্যে অস্বস্তি ও সমালোচনা দেখা দিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন নেতার অভিযোগ, ব্যক্তিবিশেষের এমন কর্মকাণ্ডের প্রভাব পুরো সংগঠনের ভাবমূর্তিতে পড়ছে। সুজন মোল্লা ও নাজমুল মোল্লার বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়টি উপজেলা পর্যায়ের জ্যেষ্ঠ নেতাদের জানানো হয়েছে বলেও তারা জানান।

এ বিষয়ে কোটালীপাড়া উপজেলা যুবদলের সদস্য সচিব মান্নান শেখ বলেন, সুজন মোল্লা ও নাজমুল মোল্লার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো দলীয় ফোরামে আলোচনা করা হবে। আলোচনা সাপেক্ষে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।