সারাদেশ

স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে শ্বশুরবাড়িতে আগুন দিলেন জামাতা, দগ্ধ স্ত্রীসহ ৩


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬, ০৮:২২ পিএম

স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে শ্বশুরবাড়িতে আগুন দিলেন জামাতা, দগ্ধ স্ত্রীসহ ৩
কৃত্রিম বুদ্ধিমত্তার তৈরী ছবি। গ্রাফিক্স: ঢাকাপ্রকাশ

নারায়ণগঞ্জের আড়াইহাজারে পারিবারিক বিরোধের জেরে শ্বশুরবাড়িতে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে আলমগীর নামে এক ব্যক্তির বিরুদ্ধে। বাইরে থেকে ঘরের ছিটকিনি লাগিয়ে আগুন দেওয়ার ঘটনায় তার স্ত্রী, শাশুড়ি ও শিশু সন্তান দগ্ধ হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত জামাতা পলাতক রয়েছেন।

বুধবার দিবাগত রাত ৩টার দিকে আড়াইহাজার পৌরসভার দাসপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সবজেল হোসেন অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

অভিযুক্ত আলমগীর পাশের ঝাউগাঁও গ্রামের বাসিন্দা। তার স্ত্রী তানিয়া আক্তার বৃষ্টি। অগ্নিকাণ্ডে দগ্ধরা হলেন, শাশুড়ি মোমেলা (৫৫), স্ত্রী তানিয়া আক্তার বৃষ্টি ও শিশু কন্যা হাফসা। তাদের ঢাকার বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

স্থানীয়দের বরাত দিয়ে ঘটনাস্থলে যাওয়া আড়াইহাজার থানার উপপরিদর্শক হাকিম জানান, বুধবার রাতে মোমেলা, তার মেয়ে তানিয়া ও নাতনি হাফসা ঘরে ঘুমিয়ে ছিলেন। রাত ৩টার দিকে হঠাৎ ঘরে আগুন লাগে। স্থানীয়রা আগুন দেখতে পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

এ ঘটনায় মোমেলা গুরুতর দগ্ধ হয়েছেন। তানিয়ার হাত এবং শিশু হাফসার নাক আগুনে পুড়ে গেছে।

পুলিশের এই কর্মকর্তা আরও জানান, তানিয়ার সঙ্গে তার স্বামী আলমগীরের দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল। সেই বিরোধের জেরে আলমগীর ঘরের ছিটকিনি বাইরে থেকে আটকে পরিবারের সদস্যদের হত্যার উদ্দেশ্যে আগুন দিয়েছেন বলে স্থানীয়রা অভিযোগ করেছেন।

পরে দগ্ধ তিনজনকে উদ্ধার করে প্রথমে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকার বার্ন ইউনিটে পাঠানো হয়।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সবজেল হোসেন বলেন, এ ঘটনায় থানায় একটি অভিযোগ জমা পড়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এদিকে ঘটনার পর থেকে অভিযুক্ত আলমগীর পলাতক রয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। অভিযোগের বিষয়ে জানতে একাধিকবার তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও মুঠোফোন বন্ধ পাওয়া গেছে।